32.7 C
Kolkata
August 11, 2026
খেলা

মেসি-কাণ্ডে আপাতত স্বস্তি অরূপ বিশ্বাসের, রক্ষাকবচের মেয়াদ বাড়ল ৩০ নভেম্বর পর্যন্ত

কলকাতা— লিয়োনেল মেসিকে ঘিরে যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার ঘটনায় আপাতত স্বস্তিতে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এই মামলায় তাঁর রক্ষাকবচের মেয়াদ বাড়িয়ে ৩০ নভেম্বর পর্যন্ত করেছে কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশে এই মেয়াদবৃদ্ধি হয়েছে। ফলে তদন্ত চললেও আপাতত ওই সময়সীমার মধ্যে অরূপের বিরুদ্ধে গ্রেপ্তার বা অন্য কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না পুলিশ।

আগে থেকেই অরূপকে রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই নির্দেশের মেয়াদ আগামী ১৭ আগস্ট শেষ হওয়ার কথা ছিল। তার আগেই মঙ্গলবার আদালত নতুন করে মেয়াদ বাড়ানোর নির্দেশ দিয়েছে। ফলে মেসি-কাণ্ডে অরূপের বিরুদ্ধে চলা পুলিশি তদন্ত অব্যাহত থাকলেও নভেম্বরের শেষ পর্যন্ত তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিক কোনও কঠোর পদক্ষেপের আশঙ্কা থাকছে না।

টনার সূত্রপাত লিয়োনেল মেসির কলকাতা সফরকে ঘিরে। গত ১৩ ডিসেম্বর আর্জেন্টিনার ফুটবল তারকা কলকাতায় এসেছিলেন। তাঁকে দেখার জন্য যুবভারতী ক্রীড়াঙ্গনে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত হয়েছিলেন। কিন্তু মেসিকে ঘিরে অতিরিক্ত ভিড় এবং ব্যবস্থাপনা নিয়ে বিশৃঙ্খলার অভিযোগ ওঠে। পরিস্থিতি সামাল দিতে না পারায় অনুষ্ঠান ঘিরে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছিল।


অভিযোগ ছিল, মেসি মাঠে আসার পর অরূপ বিশ্বাস এবং তাঁর ঘনিষ্ঠদের একাংশ তাঁকে ঘিরে ফেলেছিলেন। মেসির সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা এবং নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে সেই সময় তীব্র সমালোচনা হয়। পরিস্থিতির জেরে অল্প সময়ের মধ্যেই মেসি মাঠ ছেড়ে চলে যান। ঘটনাটি নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলেও ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল|

এই ঘটনার পর তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়। শেষ পর্যন্ত ক্রীড়ামন্ত্রীর পদ থেকেও তাঁকে ইস্তফা দিতে হয়েছিল। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর যুবভারতীর ওই ঘটনা নিয়ে পুলিশ নতুন করে তদন্ত শুরু করে। অরূপের বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়।

তদন্তের প্রয়োজনে অরূপকে জিজ্ঞাসাবাদের জন্য একাধিক বার ডেকে পাঠায় পুলিশ। কিন্তু কয়েক দফায় তিনি হাজিরা এড়িয়ে যান বলে তদন্তকারীদের দাবি। এর পর গ্রেপ্তারির আশঙ্কায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন প্রাক্তন মন্ত্রী। আদালত প্রথমে তাঁকে ২ জুলাই পর্যন্ত রক্ষাকবচ দিয়েছিল। পরে সেই সুরক্ষার মেয়াদ বাড়ানো হয়।

রক্ষাকবচ পাওয়ার পর অরূপ পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হয়েছিলেন। তবে তাঁর বিরুদ্ধে আদালতের সুরক্ষা নিয়ে আপত্তি জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন শতদ্রু দত্ত। মেসির কলকাতা সফরের অনুষ্ঠানের অন্যতম আয়োজক ছিলেন তিনি। যুবভারতীর বিশৃঙ্খলার ঘটনায় তাঁকেও অন্যতম অভিযুক্ত করা হয় এবং ঘটনার দিনই তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।

শতদ্রুর বক্তব্য ছিল, অরূপের বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও পুলিশ তাঁর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করছে না। সেই কারণে একক বেঞ্চের দেওয়া রক্ষাকবচ প্রত্যাহারের আবেদন করা হয়েছিল। তবে ডিভিশন বেঞ্চ সেই আপত্তি গ্রহণ করেনি। ফলে অরূপের রক্ষাকবচ বহাল থাকে।

এ বার সেই রক্ষাকবচের মেয়াদ আরও বাড়ল। ৩০ নভেম্বর পর্যন্ত এই সুরক্ষা বহাল থাকায় মেসি-কাণ্ডে তদন্তের পরবর্তী গতিপথ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তদন্তকারীরা কী তথ্যপ্রমাণ সংগ্রহ করেন এবং অরূপের বিরুদ্ধে ওঠা অভিযোগের ক্ষেত্রে পুলিশের পরবর্তী পদক্ষেপ কী হয়, সে দিকেই নজর থাকবে।

অন্যদিকে, অরূপ বিশ্বাসের রাজনৈতিক অবস্থানও সাম্প্রতিক সময়ে বদলেছে। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত অরূপ তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিয়েছেন। ফলে মেসি-কাণ্ডের আইনি তদন্তের পাশাপাশি তাঁর রাজনৈতিক অবস্থান নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Related posts

Leave a Comment