বিপর্যয় মোকাবিলায় বিশেষ বাহিনী ‘অর্জুন বাহিনী’ গড়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। প্রথম দফায় রাজ্য সৈনিক বোর্ড থেকে ২০০ জনকে নিয়ে এই বাহিনী গঠন করা হবে বলে মঙ্গলবার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, অর্জুন বাহিনীতে নিয়োগপ্রাপ্তেরা সকলেই সেনাবাহিনী থেকে অবসর নেওয়া ৪০ বছরের কম বয়সি কর্মী।
ভবিষ্যতে ভারতীয় সেনা থেকে অবসর নেওয়া অগ্নিবীরদেরও এই বিপর্যয় মোকাবিলা বাহিনীতে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সুন্দরবন, পাহাড়ের মতো বিপর্যয়প্রবণ এলাকায় এই বাহিনীকে মোতায়েন করা হবে। সূত্রের খবর, কলকাতায় ১০০ জন, পাহাড়ে ১০০ জন এবং সুন্দরবন এলাকায় ৫০ জনকে আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার জন্য মোতায়েন করা হবে।

বিপর্যয় মোকাবিলায় আধুনিক পরিকাঠামো ও সরঞ্জামের পাশাপাশি নতুন নিয়োগের কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। প্রতিকূল ও বিপদসঙ্কুল পরিস্থিতিতে কাজের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফের আদলে গড়ে তোলা হবে অর্জুন বাহিনী।
বাহিনীর প্রধান ‘বীর নায়ক’-কে মাসিক ৪০ হাজার টাকা এবং সদস্য ‘বীর’-দের ২৫ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে। প্রতি বছর ৩ শতাংশ হারে সাম্মানিক বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। কর্তব্যরত অবস্থায় প্রাণহানির ক্ষেত্রে ১০ লক্ষ টাকা এবং গুরুতর আঘাতের ফলে শারীরিক অক্ষমতা হলে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তার ব্যবস্থা রাখছে রাজ্য সরকার।
রাজ্যের বিভিন্ন বিপর্যয়প্রবণ এলাকায় দ্রুত উদ্ধার ও ত্রাণকাজ চালানোই হবে এই বাহিনীর অন্যতম প্রধান দায়িত্ব। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের কাজে লাগিয়ে আপৎকালীন পরিস্থিতিতে আরও দ্রুত ও দক্ষতার সঙ্গে মোকাবিলা করার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার।
