মুম্বাই — মুক্তির পর থেকেই চর্চায় রয়েছে হিন্দি রোম্যান্টিক ছবি ‘চাঁদ মেরা দিল’। তবে ছবির গল্প বা অভিনয়ের পাশাপাশি এবার সমাজমাধ্যমে ঝড় তুলেছে অনন্যা পাণ্ডের একটি ভরতনাট্যম নাচের দৃশ্য। সেই দৃশ্য ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক।
বিবেক সোনি পরিচালিত এবং ধর্মা প্রোডাকশন্স প্রযোজিত এই ছবিতে অনন্যা পাণ্ডে এবং লক্ষ্যের প্রেমের গল্প তুলে ধরা হয়েছে। গত ২২ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি।
সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি দৃশ্যে দেখা যায়, অনন্যার চরিত্র চাঁদনি ভরতনাট্যম নাচ পরিবেশন করছেন। তবে সেই নাচে ধ্রুপদী ভরতনাট্যমের সঙ্গে আধুনিক হিপ-হপের মিশ্রণ দেখানো হয়েছে। আর সেই দৃশ্যই নেটমাধ্যমে সমালোচনার ঝড় তুলেছে।
এক সমাজমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘খ্রিস্টপূর্ব ২০০ সালে ভরতনাট্যমের জন্ম হয়েছিল, আর ২০২৬ সালে এসে অনন্যা পাণ্ডের হাতে তার সমাপ্তি হল।’ এই মন্তব্যের পর থেকেই বিতর্ক আরও তীব্র হয়।
অনেকেই অভিযোগ করেছেন, অনন্যার নাচে ভঙ্গিমা এবং অভিব্যক্তির অভাব স্পষ্ট। এক ব্যবহারকারী কটাক্ষ করে লেখেন, ‘ভরতনাট্যমকে ভর্তা বানিয়ে ফেলেছেন।’ আবার আর এক জনের মন্তব্য, ‘ওঁর নাচের সীমাবদ্ধতা ঢাকতে এত চেষ্টা করা হচ্ছে যে সেটা দেখাই অস্বস্তিকর।’
কেউ কেউ আবার ছবির নায়ক লক্ষ্যের অভিব্যক্তি নিয়েও কটাক্ষ করেছেন। ভাইরাল হওয়া এক মন্তব্যে লেখা হয়েছে, ‘নায়কের পালস কেউ দেখে দিন!’
ছয় বছর ভরতনাট্যম শেখার দাবি করা এক ব্যবহারকারী লেখেন, ‘ভরতনাট্যম শিখেছি ছ’বছর। এটা কী হচ্ছে বুঝতেই পারছি না।’
সমালোচনার ঢেউ পৌঁছে যায় রাজনৈতিক এবং সাংস্কৃতিক মহলেও। কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদ মন্তব্য করেন, অনন্যা তাঁর প্রিয় নৃত্যশৈলীকে ‘শেষ করে দিয়েছেন’। বিশিষ্ট নৃত্যশিল্পী অনিতা রত্নম বলেন, দৃশ্যটি দেখে মনে হয়েছে ‘ভরতনাট্যমকে জিম্মি করে রাখা হয়েছে।’
এর পর অনেকেই তুলনা টানতে শুরু করেন সাই পল্লবীর ‘শ্যাম সিংহ রায়’ কিংবা শ্রীদেবীর ‘জাগ উঠা ইনসান’ ছবির নাচের দৃশ্যের সঙ্গে। তাঁদের দাবি, ধ্রুপদী নৃত্যকে পর্দায় উপস্থাপনের আলাদা মর্যাদা থাকা উচিত।
তবে সমালোচনার মাঝেও অনন্যার পাশে দাঁড়িয়েছেন অনেকেই। তাঁদের বক্তব্য, এটি কোনও শুদ্ধ ধ্রুপদী পরিবেশনা নয়, বরং ফিউশন নাচ হিসাবেই দৃশ্যটি তৈরি করা হয়েছিল। ছবির চরিত্র চাঁদনিও পেশাদার নৃত্যশিল্পী নন বলে দাবি তাঁদের।
আরও একাংশের মতে, অনন্যাকে ঘিরে দীর্ঘদিনের স্বজনপোষণ বিতর্কের প্রভাবও এই ট্রোলিংয়ে স্পষ্ট।
বিতর্ক চললেও বক্স অফিসে দর্শক টানছে ‘চাঁদ মেরা দিল’। মুক্তির তৃতীয় দিনে দেশজুড়ে ২ হাজার ৮৩৮টি পর্দায় চলছিল ছবিটি। প্রথম সপ্তাহান্তে ভারতে ছবির আয় ১১ কোটির গণ্ডি ছাড়িয়েছে। বিশ্বজুড়ে আয় পৌঁছেছে ১৩ কোটিরও বেশি।
এখনও পর্যন্ত অনন্যা পাণ্ডে বা পরিচালক বিবেক সোনি এই বিতর্ক নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।
