কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার অমরনাথ যাত্রার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে জম্মু ও কাশ্মীর পুলিশ, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাকে যাত্রাপথে বহুস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলার নির্দেশ দিয়েছেন। এ বছরের অমরনাথ যাত্রা ৩ জুলাই থেকে ২৮ আগস্ট পর্যন্ত চলবে।
নয়াদিল্লিতে আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠকে অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার ভক্তদের জন্য নিরাপদ ও নির্বিঘ্ন তীর্থযাত্রা নিশ্চিত করতে বদ্ধপরিকর। তিনি নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ড্রোন, সিসিটিভি, উন্নত নজরদারি ব্যবস্থা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উপর জোর দেন।
বৈঠকে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সেনাপ্রধান, গোয়েন্দা ব্যুরোর প্রধান, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের শীর্ষ আধিকারিক এবং বিভিন্ন নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দেন, যাত্রাকালীন বিভিন্ন শিবিরে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের জ্যেষ্ঠ আধিকারিকদের নিয়মিত উপস্থিত থাকতে হবে এবং নিরাপত্তা ও অন্যান্য ব্যবস্থার উপর সরাসরি নজরদারি চালাতে হবে। পাশাপাশি তীর্থযাত্রীদের নিবন্ধন, আবাসন, স্বাস্থ্য পরিষেবা এবং দুর্যোগ মোকাবিলার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করার কথা বলেন তিনি।
আবহাওয়ার পরিস্থিতি ও পূর্বাভাসের ভিত্তিতে তীর্থযাত্রীদের যাত্রা নিয়ন্ত্রণ করার নির্দেশও দিয়েছেন অমিত শাহ। একই সঙ্গে অমরনাথ যাত্রাপথ ছাড়াও জম্মু ও কাশ্মীরের অন্যান্য পর্যটন কেন্দ্রগুলিতে নিরাপত্তা জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
বৈঠকে জানানো হয়েছে, যাত্রার সঙ্গে যুক্ত স্থানীয় ব্যক্তি ও পশুদের জন্য কিউআর কোডযুক্ত পরিচয়পত্র দেওয়া হবে। এছাড়া যাত্রায় ব্যবহৃত পশুদের স্বাস্থ্য পরীক্ষা ও শারীরিক সক্ষমতা যাচাইয়ের জন্য বিশেষ শিবিরও আয়োজন করা হবে।
