ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে একাধিক কর্মসূচির আয়োজন করেছে বিজেপি। এই বিশেষ উপলক্ষে পশ্চিমবঙ্গেও প্রথমবারের মতো ৬ জুলাই সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এই আবহেই সোমবার কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সফরসূচি অনুযায়ী, ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাড়িতে শ্রদ্ধা জানানোর পর তিনি নিউটাউনের ইকোপার্কে গিয়ে ১২৫ ফুট উচ্চতার প্রস্তাবিত মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
নিউটাউনের ৪৮০ একর বিস্তৃত ইকোপার্ক ইতিমধ্যেই কলকাতার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। পার্কের বিভিন্ন থিম গার্ডেন, বিশাল লেক, সোলার ডোম, সপ্তম আশ্চর্যের প্রতিরূপ এবং মনীষীদের ভাস্কর্যের সঙ্গে এবার যুক্ত হতে চলেছে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সুবিশাল মূর্তি। এই প্রকল্পকে ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে। শনিবার রাজ্যের পূর্তমন্ত্রী অজয় পোদ্দার সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক, হিডকো কর্তৃপক্ষ এবং ইঞ্জিনিয়ারদের নিয়ে ভিত্তিপ্রস্তরের নির্ধারিত স্থান পরিদর্শন করেন।
সোমবারের সফরসূচি অনুযায়ী, দুপুর ৩টা ৫০ মিনিটে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন অমিত শাহ। সেখান থেকে তিনি সরাসরি ভবানীপুরে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাড়িতে গিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর বিকেল ৪টা ৫০ মিনিটে নিউটাউনের ইকোপার্কে পৌঁছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের উপস্থিতিতে ১২৫ ফুট উচ্চতার মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এরপর বিকেল সাড়ে ৫টা নাগাদ বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে আয়োজিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠান শেষে সেখান থেকেই তিনি দিল্লির উদ্দেশে রওনা দেবেন। একই দিনে বিজেপির মুরলীধর সেন লেনের রাজ্য দপ্তরেও একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এই উপলক্ষে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, শ্যামাপ্রসাদের জন্মভূমিতে তাঁর আদর্শে পরিচালিত সরকার প্রতিষ্ঠিত হওয়ায় দিনটি দলের প্রতিটি কর্মীর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। তাঁর কথায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর এবং শ্যামাপ্রসাদের স্মৃতির উদ্দেশে এমন উদ্যোগ পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।
