31.1 C
Kolkata
August 8, 2026
রাজ্য

মোদী-শাহের পর নবান্নে শুভেন্দুর সঙ্গে আবু তাহের-খলিলুরের বৈঠক

NCPI: এসআইআর নিয়ে আলোচনা

সংবাদ কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)-এর সঙ্গে বৈঠকের পর নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-র সঙ্গে বৈঠক করলেন এনসিপিআই (NCPI)-এর দুই সাংসদ আবু তাহের খান (Abu Taher Khan) এবং খলিলুর রহমান (Khalilur Rahman)। মুর্শিদাবাদে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR)-কে কেন্দ্র করে তৈরি হওয়া বিভিন্ন সমস্যা নিয়েই মূলত তাঁদের মধ্যে আলোচনা হয়েছে বলে এনসিপিআই সূত্রে জানা গিয়েছে।

শনিবার বেলা নাগাদ নবান্নে পৌঁছন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান এবং জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান। মুর্শিদাবাদে এসআইআর-এর জেরে ভোটার তালিকায় নাম বাদ পড়া, বহু নাম বিবেচনাধীন থাকা এবং সেই সংক্রান্ত আইনি প্রক্রিয়ার ধীর গতি নিয়ে তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন বলে খবর। পাশাপাশি নিজেদের লোকসভা এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন সংক্রান্ত দাবিও তাঁরা তুলে ধরেছেন।

মুর্শিদাবাদে এসআইআরকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক চাপানউতোর চলছে। অভিযোগ, সংশোধনের প্রক্রিয়ায় বহু সংখ্যালঘু ভোটারের নাম বাদ পড়েছে। আবার বেশ কিছু নাম এখনও বিবেচনাধীন রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে কলকাতা হাই কোর্টের গঠিত ট্রাইবুনালের মাধ্যমে সেই নামগুলির নিষ্পত্তির প্রক্রিয়া চলছে। কিন্তু সেই কাজের গতি নিয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা।

এই পরিস্থিতিতে প্রতি জেলায় আলাদা ট্রাইবুনাল গঠনের দাবি নিয়ে এর আগে নবান্নে গিয়েছিলেন বিধায়কদের একটি প্রতিনিধিদল। মুখ্যমন্ত্রীর কাছে তাঁরা লিখিত দাবিও জানান। রাজ্য সরকারের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, ট্রাইবুনালে কোনও নাম বিবেচনাধীন থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি সামাজিক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন না। তবে নাম বাদ পড়ার পর নির্দিষ্ট প্রক্রিয়ায় ট্রাইবুনালে আবেদন না করলে সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে।

আবু তাহের এবং খলিলুরের এই সাক্ষাৎ রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, সম্প্রতি এনসিপিআইয়ের এই দুই সাংসদ এবং বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান এনডিএ বা বিজেপির সঙ্গে তাঁদের অবস্থান নিয়ে আলাদা মত প্রকাশ করেছিলেন। এনডিএর একটি বৈঠকে তাঁরা উপস্থিত না থাকায় তাঁদের রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা তৈরি হয়েছিল।

এর পর অবশ্য দিল্লিতে অমিত শাহের সঙ্গে তাঁদের বৈঠক হয়। শুক্রবার প্রধানমন্ত্রীর বাসভবনে এনডিএ সাংসদদের প্রাতরাশ বৈঠকেও তাঁরা উপস্থিত ছিলেন। সূত্রের খবর, নিজেদের নির্বাচনী এলাকার মানুষের সমস্যা এবং উন্নয়নের প্রয়োজনেই কেন্দ্র ও রাজ্য—দুই সরকারের সঙ্গে প্রশাসনিক যোগাযোগ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

সেই ধারাবাহিকতাতেই নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁদের বৈঠক বলে মনে করা হচ্ছে। আপাতত এসআইআর এবং মুর্শিদাবাদের স্থানীয় সমস্যাই আলোচনার মূল বিষয় হলেও, মোদী-শাহের সঙ্গে পরপর বৈঠক এবং তার পর নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Related posts

Leave a Comment