[শ্রীনগর]—জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলা থেকে প্রায় এক দশক ধরে নিখোঁজ ছিলেন ৩০ জন। তাঁদের খোঁজ করতে গিয়ে তদন্তকারীদের হাতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের দাবি, নিখোঁজ হওয়ার আড়ালে তাঁরা আসলে পাকিস্তানে গিয়ে বিভিন্ন জঙ্গিগোষ্ঠীতে যোগ দিয়েছেন। বর্তমানে পাক অধিকৃত কাশ্মীরে আশ্রয় নিয়ে ভারতের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপ চালানোর পাশাপাশি উপত্যকায় সন্ত্রাসবাদ ছড়ানোর কাজে মদত জোগাচ্ছেন তাঁরা। বুধবার জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি নলিন প্রভাত এই তথ্য জানিয়েছেন।
পুলিশের ডিজি জানান, ১৯৯৩ থেকে ২০০৩ সালের মধ্যে রিয়াসি জেলার বিভিন্ন থানা এলাকায় ৩০ জনের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের হয়েছিল। দীর্ঘদিন ধরে তাঁদের কোনও সন্ধান পাওয়া যায়নি। কিন্তু পরবর্তী সময়ে তদন্তে উঠে আসে, তাঁরা কেউই সাধারণ ভাবে নিখোঁজ হননি। বরং পাকিস্তানে গিয়ে বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়েছেন। সেখান থেকেই জম্মু-কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ পরিচালনায় ভূমিকা নিচ্ছেন।
পুলিশের দাবি, ওই ৩০ জনের অধিকাংশই রিয়াসির মহোর ও চাসানা এলাকার বাসিন্দা। পাকিস্তানে পৌঁছে তাঁরা হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গিগোষ্ঠীতে যোগ দেন। পাক অধিকৃত কাশ্মীরকে ঘাঁটি করে ভারতের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত রয়েছেন তাঁরা। অস্ত্র, মাদক ও বিস্ফোরক পাচারের পাশাপাশি জঙ্গি অনুপ্রবেশে সাহায্য করার অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে। এমনকি স্থানীয় যুবকদের মগজধোলাই করে জঙ্গিগোষ্ঠীতে নিয়োগ এবং উপত্যকায় সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যাওয়ার জন্য আর্থিক সাহায্য দেওয়ার অভিযোগ উঠেছে।

তদন্তকারী সূত্রের দাবি, পাকিস্তানে আশ্রয় নেওয়া ওই ব্যক্তিরা সরাসরি জম্মু-কাশ্মীরে এসে হামলা চালাচ্ছেন না। বরং নিজেদের জমিজমা ও অন্যান্য সম্পত্তি বিক্রি করে পাওয়া অর্থ উপত্যকায় জঙ্গি কার্যকলাপের জন্য পাঠাচ্ছেন। এই তথ্য সামনে আসার পরেই নড়েচড়ে বসেছে রিয়াসি জেলা পুলিশ। অভিযুক্তদের সম্পত্তি বিক্রি আটকাতে এবং বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতে পদক্ষেপ শুরু হয়েছে।
এই ঘটনায় ২০২৪ সালে ভারতীয় ন্যায় সংহিতা এবং বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে মামলা দায়ের করে তদন্ত শুরু হয়। তদন্তে সাক্ষীদের বয়ান থেকে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে বলে সূত্রের দাবি। রিয়াসির সিনিয়র পুলিশ সুপার মুকুন্দ লাল জানিয়েছেন, পুলিশের ডিজির নির্দেশে ইউএপিএ-র আওতায় ইতিমধ্যে পাঁচ জঙ্গির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশের তরফে যাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করার কথা জানানো হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন মহোরের বাসিন্দা মহম্মদ কায়ুম, বাদেরের বশির আহমেদ, আরনাসের শওকত আলি এবং থুরু গ্রামের মনজ়ুর আহমেদ। বাকি এক জনের পরিচয় প্রকাশ্যে আনা হয়নি। অভিযুক্তদের সম্পত্তি বিক্রি করে যাতে জঙ্গি কার্যকলাপে অর্থ জোগানো না যায়, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ বলে পুলিশ সূত্রে খবর।
অন্যদিকে, কাশ্মীর উপত্যকায় আরও বড় জঙ্গি নেটওয়ার্কের উপস্থিতি নিয়ে সতর্ক রয়েছে নিরাপত্তাবাহিনী। গোয়েন্দা সূত্রের খবর, উপত্যকার বিভিন্ন এলাকায় প্রায় ৬৫ জন পাকিস্তানি জঙ্গি লুকিয়ে থাকতে পারেন। তাঁদের গতিবিধির উপর নজর রাখছে বিভিন্ন নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা।
নিরাপত্তাবাহিনীর আধিকারিকেরা সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী ওই ৬৫ জনের মধ্যে ৩৫ জন লস্কর-ই-তইবা, ২৫ জন জইশ-ই-মহম্মদের সদস্য। বাকিরা অন্যান্য জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে। তাঁদের প্রত্যেকের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে এবং নিরাপত্তাবাহিনীর নজরদারি চলছে। ফলে একদিকে পাকিস্তানে আশ্রয় নেওয়া পুরনো জঙ্গিদের আর্থিক নেটওয়ার্ক ভাঙার চেষ্টা, অন্যদিকে উপত্যকায় লুকিয়ে থাকা জঙ্গিদের খুঁজে বের করার অভিযান— দুই দিকেই তৎপরতা বাড়িয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ ও নিরাপত্তাবাহিনী।
