November 26, 2026
রাজ্য

বাজারদর নিয়ন্ত্রণে আড়াই হাজার সুফল বাংলা স্টল

সংবাদ কলকাতা: বাজারে কাঁচা আনাজ থেকে মাছ, মাংস, ডিম— সব কিছুর দামেই আগুন। নিত্যপ্রয়োজনীয় জিনিসের লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে জেরবার সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও প্রশাসনের নজরদারির পাশাপাশি এ বার বিকল্প পথে হাঁটছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে রাজ্যজুড়ে সুফল বাংলা স্টলের সংখ্যা ব্যাপক ভাবে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কৃষি বিপণন দপ্তর। ধাপে ধাপে নতুন করে আড়াই হাজার স্টল খোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে ফড়ে ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে সরাসরি কৃষকদের কাছ থেকে ফসল কেনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

কৃষি বিপণন দপ্তর সূত্রে খবর, বর্তমানে রাজ্যে মোট ৪৫৬টি সুফল বাংলা স্টল রয়েছে। এর অধিকাংশই কলকাতা ও শহরতলি এলাকায় সীমাবদ্ধ। এ বার জেলার মানুষের কাছেও কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে সরকার। চলতি অর্থবর্ষের মধ্যেই স্টলের সংখ্যা বাড়িয়ে ১,৫০০ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পরবর্তী অর্থবর্ষে আরও এক হাজার নতুন স্টল চালু করার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ, ধাপে ধাপে রাজ্যে সুফল বাংলার স্টলের সংখ্যা আড়াই হাজার বাড়ানো হবে।

প্রশাসনের আশা, সুফল বাংলার স্টলে বাজারের তুলনায় কম দামে টাটকা আনাজ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পাওয়া গেলে সাধারণ মানুষ সেখান থেকেই কেনাকাটা করবেন। এতে খোলাবাজারে ক্রেতার চাপ কমবে। ফলে বেশি দাম নেওয়া ব্যবসায়ীরাও প্রতিযোগিতার চাপে দর কমাতে বাধ্য হবেন। পাশাপাশি সরাসরি কৃষকদের কাছ থেকে ফসল কেনার ব্যবস্থা চালু হলে চাষিরা যেমন ন্যায্য দাম পাবেন, তেমনই একাধিক হাত ঘুরে পণ্য বাজারে পৌঁছনোর কারণে যে অতিরিক্ত দাম বাড়ে, তা অনেকটাই কমানো সম্ভব হবে।

বর্তমানে রাজ্যের খুচরো বাজারের পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। বেগুনের দাম কেজিপ্রতি ১০০ টাকা, পটল ৮০ টাকা। ক্যাপসিকামের দামও কেজিপ্রতি ২০০ টাকার কাছাকাছি পৌঁছেছে। আনাজের পাশাপাশি মাছ, মাংস ও ডিমের দামেও স্বস্তি নেই। মুরগির ডিমের দাম পিছু ৮ থেকে সাড়ে ৮ টাকা। মাছের বাজারেও রুই ছাড়া কাতলা, চিংড়ি, ভেটকি ও পাবদার মতো মাছের দাম কেজিপ্রতি ৫০০ টাকার নীচে পাওয়া কঠিন হয়ে পড়েছে। ফলে সাধারণ মধ্যবিত্ত পরিবারের মাসিক খরচ ক্রমশ বাড়ছে।

এই পরিস্থিতি নিয়ে মঙ্গলবার নবান্নে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ সংক্রান্ত জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বাজারদর নিয়ন্ত্রণে প্রশাসনিক আধিকারিকদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু প্রশাসনের একাংশের পর্যবেক্ষণ, পুলিশ কিংবা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বাজারে অভিযান চালালে সাময়িক ভাবে দাম কমলেও কয়েক দিন পর ফের পুরনো পরিস্থিতি ফিরে আসে। তাই শুধু অভিযান চালিয়ে নয়, বাজারে বিকল্প সরবরাহ ব্যবস্থা তৈরি করেও মূল্যবৃদ্ধি মোকাবিলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রশাসনের প্রাথমিক পর্যবেক্ষণে মূল্যবৃদ্ধির পিছনে তিনটি প্রধান কারণ উঠে এসেছে। প্রথমত, কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য ভিন্‌রাজ্যের উপর নির্ভরতা। বাংলায় ব্যবহৃত সর্ষে ও সর্ষের তেলের বড় অংশ আসে রাজস্থান, উত্তরপ্রদেশ ও হরিয়ানা থেকে। অন্যদিকে, চিনি আসে মহারাষ্ট্র, কর্নাটক ও উত্তরপ্রদেশ থেকে। উৎপাদনকারী রাজ্যগুলিতে পাইকারি দাম বাড়ায় তার প্রভাব পড়ছে এ রাজ্যের বাজারেও। ব্যবসায়ীদের এই দাবি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট রাজ্যগুলির প্রশাসনের সঙ্গে কথা বলার জন্য কৃষি সচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

দ্বিতীয় কারণ হিসেবে উঠে এসেছে প্রাকৃতিক দুর্যোগ। সাম্প্রতিক নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গ-সহ রাজ্যের বিভিন্ন এলাকার কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফুলকপি, বাঁধাকপি, বেগুন, পটল, উচ্ছে এবং নতুন আলুর ফলনে তার প্রভাব পড়েছে। ফলে বাজারে আনাজের জোগান কমেছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় স্বাভাবিক ভাবেই দাম বেড়েছে।

তৃতীয়ত, প্রশাসনের নজরে রয়েছে ফড়ে-চক্রের ভূমিকা। অভিযোগ, হিমঘরে পর্যাপ্ত আলু মজুত থাকা সত্ত্বেও অকাল বৃষ্টির অজুহাতে একাংশের ব্যবসায়ী কৃত্রিম অভাব তৈরি করছেন। খেত থেকে খুচরো বাজারে পৌঁছনোর আগে একাধিকবার হাতবদল হওয়ায় আনাজের দামে কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত পার্থক্য তৈরি হচ্ছে। এই মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণে সরাসরি কৃষকদের কাছ থেকে ফসল কেনার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য।

সব মিলিয়ে বাজারে নজরদারি বাড়ানোর পাশাপাশি সুফল বাংলা স্টলের সংখ্যা বৃদ্ধিকেই দীর্ঘমেয়াদি সমাধানের অন্যতম পথ হিসেবে দেখছে নবান্ন। নতুন স্টলগুলি চালু হলে রাজ্যের বিভিন্ন জেলার মানুষ কতটা কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য পান, এখন সেটাই দেখার।

Related posts

Leave a Comment