November 26, 2026
খেলা

রাজস্থানের কাছে হেরে বিদায় বাংলার

মুম্বই—নক আউটে উঠতে হলে জিততেই হত। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় রাজস্থানের কাছে হারল বাংলা। ফলে সৈয়দ মুস্তাক আলি ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হল লক্ষ্মীরতন শুক্লের দলকে। গ্রুপ এ-তে তৃতীয় স্থানে শেষ করায় নক আউটে জায়গা হল না বাংলার। অন্যদিকে বরোদা ও রাজস্থান পরের পর্বে পৌঁছে গেল।

মুম্বইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলা। রাজস্থানের অভিজ্ঞ পেসার দীপক চহরের দাপটে পর পর সাজঘরে ফেরেন দুই ওপেনার অভিষেক পোড়েল ও আদিত্য পুরোহিত। দু’জনেই করেন যথাক্রমে শূন্য ও ১ রান। সাম্প্রতিক সময়ে ভাল ছন্দে থাকা অভিষেকের ব্যর্থতা শুরুতেই চাপে ফেলে বাংলাকে।

অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ২৬ রান করলেও ইনিংসে বড় গতি আনতে পারেননি। শশাঙ্ক সিংহও মাত্র ২ রান করে ফিরে যান। এই পরিস্থিতিতে দলের হাল ধরেন শাকির হাবিব গাঁধী ও করণ লাল। পঞ্চম উইকেটে তাঁদের জুটি বাংলাকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করে। আগের ম্যাচে ঝোড়ো ইনিংস খেলা করণ এ দিন ২০ বলে ২৮ রান করেন। অন্যদিকে শাকিরের ব্যাট থেকে আসে ৪৩ বলে ৬৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস।

শেষ দিকে প্রদীপ্ত প্রামাণিকের ১১ এবং মহম্মদ শামির ১২ রানের সৌজন্যে দেড়শো পেরোয় বাংলার ইনিংস। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৭ রান তোলে তারা। রাজস্থানের হয়ে দুরন্ত বোলিং করেন দীপক চহর। চার ওভারে মাত্র ১৩ রান দিয়ে তিনটি উইকেট নেন তিনি। আরাফাত খানও তিনটি উইকেট তুলে নিয়ে বাংলার ব্যাটিংয়ে বড় ধাক্কা দেন।


জবাবে রাজস্থানকে আটকে রাখতে শুরুটা ভালই করেছিল বাংলা। মুকেশ কুমার ও সায়ন ঘোষের বোলিংয়ে মাত্র ৩৭ রানের মধ্যেই তিনটি উইকেট হারায় রাজস্থান। ফলে ম্যাচে ফেরার সুযোগ তৈরি হয়েছিল বাংলার সামনে। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি বাকি বোলারেরা।

বিশেষ করে মহম্মদ শামির উইকেট না পাওয়া বাংলার জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়ায়। তিন ওভার বল করে ১৯ রান দিলেও কোনও উইকেট পাননি তিনি। পর পর দু’টি ম্যাচে উইকেটহীন থাকলেন শামি। অন্যদিকে রাজস্থানের দুই ব্যাটার অভিজিৎ তোমর ও মহিপাল লোমরোর বাংলার বোলিং আক্রমণকে কার্যত দিশাহারা করে দেন।

দু’জনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ৬৬ বলে ১১৯ রানের জুটি তৈরি হয়। লোমরোর ৩৫ বলে ৭৪ রান করে আউট হলেও অভিজিৎ শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫২ বলে ৭৪ রান করে। তাঁদের বিধ্বংসী জুটিতেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি রাজস্থানের হাতে চলে যায়।

শেষ পর্যন্ত ২০ বল বাকি থাকতেই ছয় উইকেটে ম্যাচ জিতে নেয় রাজস্থান। এই হারের সঙ্গে সঙ্গেই বাংলার নক আউটে ওঠার স্বপ্ন শেষ হয়ে যায়। গ্রুপ এ থেকে বরোদা ও রাজস্থান পরের পর্বে জায়গা করে নিল। আর গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যর্থ হয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে গেল লক্ষ্মীরতন শুক্লের বাংলা।

Related posts

Leave a Comment