সংবাদ কলকাতা: নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর লাগামছাড়া দাম নিয়ন্ত্রণে আনতে মঙ্গলবার নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাজারে কৃত্রিমভাবে পণ্যের জোগান কমিয়ে দাম বাড়ানোর প্রবণতা রুখতে পুলিশ ও প্রশাসনকে কঠোর পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে ব্যবসায়ী সংগঠনগুলিকেও অসাধু মজুতদারদের বিরুদ্ধে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
বৈঠক সূত্রে জানা গিয়েছে, বাজারে একাংশের অসাধু ব্যবসায়ী ও মজুতদার ইচ্ছাকৃতভাবে পণ্যের জোগান কমিয়ে দিয়ে কৃত্রিম সঙ্কট তৈরি করছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এই প্রবণতা বন্ধ করতে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে দ্রুত এবং কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। কোনও আড়তদার বা ব্যবসায়ী অন্যায়ভাবে পণ্য মজুত করে বাজারে সরবরাহ কমিয়ে দিলে সেই তথ্য প্রশাসনকে জানানোর জন্য ব্যবসায়ী সংগঠনগুলির প্রতিনিধিদের পরামর্শ দিয়েছেন শুভেন্দু।
ব্যবসায়ীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সরকার সবসময় ব্যবসায়ী মহলের পাশে থেকে সহযোগিতা করছে। তাই বাজারদর স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদেরও সরকারের সঙ্গে সহযোগিতা করা প্রয়োজন। কোনও অসাধু ব্যবসায়ীর কারণে যাতে সাধারণ মানুষকে বেশি দামে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতে না হয়, তা নিশ্চিত করার দায়িত্ব সকলের।

বৈঠকে সর্ষের তেল, চিনি এবং আলুর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। বাজারে কোন পণ্যের দাম কেন বাড়ছে, তার কারণ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকদের। পাশাপাশি বাজারদর নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ী সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের দ্রুত পৃথক বৈঠকে বসার নির্দেশ দিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখাই সরকারের প্রধান লক্ষ্য। কোনও চক্র যদি পরিকল্পিতভাবে বাজারে পণ্যের জোগান আটকে রেখে দাম বাড়ানোর চেষ্টা করে, তা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। এ ধরনের অভিযোগ সামনে এলে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
এদিন নবান্ন সভাঘরে আয়োজিত বৈঠকে পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকদের পাশাপাশি কৃষি বিপণন দপ্তরের সচিব, সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য আধিকারিক এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাম্প্রতিক ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে শীতকালীন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তার প্রভাব পড়েছে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন বাজারে। আনাজের জোগান কমে যাওয়ায় একাধিক পণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। গত রবিবার কলকাতা ও সংলগ্ন এলাকায় বেগুনের কেজি প্রতি দাম পৌঁছেছিল ১২০ থেকে ১৫০ টাকায়। ধনেপাতার কেজি বিকিয়েছে ৮৫০ থেকে ১০০০ টাকায়। একটি মাঝারি আকারের ফুলকপির দামও উঠেছিল ৮০ টাকায়। এই পরিস্থিতিতে বাজারে নজরদারি বাড়ানো এবং অসাধু মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
