নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ— ভারতমাতার বিরুদ্ধে কোনও ষড়যন্ত্র বা রাজ্যে অশান্তি তৈরির চেষ্টা বরদাস্ত করা হবে না। মঙ্গলবার মুর্শিদাবাদের বেলডাঙায় দাঁড়িয়ে কড়া ভাষায় এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি কোনও ভাবেই মেনে নেবে না তাঁর সরকার। দেশের সুরক্ষা, নারী নিরাপত্তা এবং সাধারণ মানুষের নিরাপত্তাই সরকারের প্রধান অগ্রাধিকার বলে দাবি করেন তিনি।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাষ্ট্রবাদী সরকারের কাছে দেশের নিরাপত্তাই সবার আগে। ভারতমাতার বিরুদ্ধে যাতে পশ্চিমবঙ্গের মাটিতে কোনও ষড়যন্ত্র না হয়, তা নিশ্চিত করাই সরকারের প্রথম কর্তব্য। দ্বিতীয় দায়িত্ব নারীসুরক্ষা ফিরিয়ে আনা এবং তৃতীয় দায়িত্ব সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, নাগরিক পরিষেবা এবং বাংলার সংস্কৃতি ও আধ্যাত্মিক জাগরণের উপরেও গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।
মুর্শিদাবাদের অতীতের একাধিক অশান্তির ঘটনা তুলে ধরে পূর্বতন তৃণমূল সরকারের সমালোচনাও করেন শুভেন্দু। গত বছর সংশোধিত ওয়াকফ আইনকে কেন্দ্র করে বিক্ষোভ-আন্দোলনের সময় জেলার বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল। সেই সময় হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাসের হত্যাকাণ্ড ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। যদিও পরবর্তী সময়ে পুলিশ জানিয়েছিল, ওই হত্যাকাণ্ডের পিছনে ব্যক্তিগত বিবাদ ছিল।

এদিন সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ধর্ম পালন করতে গেলে কেন আদালতের দ্বারস্থ হতে হবে? কেন হরগোবিন্দ ও চন্দন দাসকে প্রাণ হারাতে হবে? ধুলিয়ান ও সামশেরগঞ্জে কেন অশান্তির ঘটনা ঘটবে? বেলডাঙায় বারবার জাতীয় সড়ক অবরোধ এবং দূরপাল্লার ট্রেনে পাথর ছোড়ার মতো ঘটনা কেন ঘটবে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
সীমান্ত সুরক্ষার বিষয়েও বিশেষ গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশের পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রতিবেশী দেশে ধর্ম পালনের ক্ষেত্রে বাধার মুখে পড়তে হচ্ছে বহু মানুষকে। তাঁর বক্তব্য, অতীতে প্রণবানন্দ মহারাজ এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রতিবাদে সরব না হলে বাংলার মানুষের পরিস্থিতিও ভয়াবহ হতে পারত। এমনকী বাংলাদেশের চিন্ময়কৃষ্ণ প্রভুর থেকেও খারাপ পরিণতি হতে পারত বলে মন্তব্য করেন তিনি।
ভারত সেবাশ্রম সঙ্ঘের সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্কের কথাও এদিন তুলে ধরেন শুভেন্দু। কার্তিক মহারাজের উদ্যোগে আয়োজিত ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ কর্মসূচির প্রশংসা করেন তিনি। ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় এই ধরনের উদ্যোগের গুরুত্বও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
বেলডাঙার অনুষ্ঠান শেষে রাজ্যবাসীকে জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা জানিয়ে কৃষ্ণনগরের উদ্দেশে রওনা দেন শুভেন্দু। তাঁর এদিনের বক্তব্যে স্পষ্ট, সীমান্ত সুরক্ষা থেকে শুরু করে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি—এই দুই বিষয়কে সামনে রেখেই আগামী দিনে প্রশাসনিক পদক্ষেপের বার্তা দিতে চাইছে তাঁর সরকার।
