১২ বছর ধরে হাওড়া পুরসভায় নির্বাচন হয়নি। এর ফলে পুর পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা। নির্বাচনে বাধা দেওয়ার জন্য বিরোধীদের দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাওড়ার কাজিপাড়ার একটি অনুষ্ঠান থেকে তিনি জানিয়ে দিলেন, নির্ধারিত সময়ে পুর নির্বাচন না হলে আগামী ১ ডিসেম্বর থেকে হাওড়ার প্রতিটি ওয়ার্ডে কো-অর্ডিনেটর নিয়োগ করা হবে। তবে সরকারবিরোধী কাউকে এই দায়িত্ব দেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।
এদিনের অনুষ্ঠানে শুভেন্দু বলেন, বছরের পর বছর সরকারি আধিকারিকদের দিয়ে পুরসভা পরিচালনা করা সম্ভব নয়। তাঁদেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় হাওড়ার সাধারণ মানুষ পুর পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁর অভিযোগ, রাজ্যে সরকার পরিবর্তনের পর নতুন সরকার হাওড়া ও কলকাতা পুরসভার সীমানা পুনর্বিন্যাস বা ডিলিমিটেশনের মাধ্যমে নির্বাচন করানোর উদ্যোগ নিয়েছিল। কিন্তু বিরোধীরা আদালতে গিয়ে সেই প্রক্রিয়ায় বাধা তৈরি করছে।
বিরোধীদের আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, যাঁদের নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে, তাঁরাই নির্বাচন আটকানোর চেষ্টা করছেন। এই পরিস্থিতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শুভেন্দু আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন না হলে আগামী ১ ডিসেম্বর থেকেই হাওড়ার বিভিন্ন ওয়ার্ডে কো-অর্ডিনেটর নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। তাঁর কথায়, দীর্ঘ ১২ বছর ধরে হাওড়ার বাসিন্দারা নির্বাচিত পুরবোর্ডের পরিষেবা থেকে বঞ্চিত। এই পরিস্থিতির অবসান ঘটাতে বিকল্প ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
কো-অর্ডিনেটর নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক অবস্থান নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘কো-অর্ডিনেটর হিসেবে তাঁকেই নিয়োগ করব, যিনি সরকারের পাশে থাকবেন, সরকারের বিরোধিতা করবেন না।’
মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে ঘিরে হাওড়ার পুর রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে। একদিকে দীর্ঘদিন ধরে আটকে থাকা পুর নির্বাচন, অন্যদিকে ওয়ার্ডে কো-অর্ডিনেটর নিয়োগের ঘোষণা—সব মিলিয়ে আগামী দিনে হাওড়ার পুর প্রশাসন কোন পথে এগোয়, এখন সেটাই দেখার।
previous post
