November 13, 2026
রাজ্য

বক্সা থেকে ফের পালাল বাঘিনি, গর্ভপাতের আশঙ্কা

অসম থেকে ফিরিয়ে এনে বক্সা টাইগার রিজার্ভের এনক্লোজারে রাখা হয়েছিল বাঘিনিকে। কিন্তু সেখান থেকেও ফের পালিয়েছে সে। পুরনো পথ ধরে আবার অসমের দিকে এগোচ্ছে ‘ডুয়ার্সের রানি’। এর মধ্যেই বাঘিনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বনদপ্তর সূত্রে খবর, বাঘিনিটি অন্তঃসত্ত্বা ছিল। তার গর্ভে থাকা তিনটি শাবক নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।

জানা গিয়েছে, গত ৩ নভেম্বর অসমে ঘুমপাড়ানি গুলি করে বাঘিনিটিকে কাবু করার পর তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি বন আধিকারিকদের নজরে আসে। অভিযোগ, সেই সময় বাঘিনির গর্ভে প্রায় তিন মাসের তিনটি শাবক ছিল। তবে শাবকগুলি নষ্ট হয়ে গিয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়। বিষয়টি নিয়ে বিস্তারিত পরীক্ষা ও তদন্ত শুরু হয়েছে।

ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির প্রধান সঞ্জয় কুমার জানিয়েছেন, বাঘিনির শারীরিক অবস্থা সংক্রান্ত বিষয়টি তাঁদের নজরে এসেছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে বর্তমানে বক্সা টাইগার রিজার্ভের চুনিয়া ওয়াচ টাওয়ারের কাছাকাছি বাঘিনিটির অবস্থান বলে জানা গিয়েছে। তাকে বাংলার বনাঞ্চলে আটকে রাখতে তৎপর বনদপ্তর। আশপাশের একাধিক এলাকায় কুনকি হাতি মোতায়েন করা হয়েছে। নজরদারিতে রয়েছেন বন আধিকারিকরাও।

বনদপ্তর সূত্রে খবর, অসমের রাইমোনা বনাঞ্চল থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে রয়েছে বাঘিনিটি। অন্যদিকে, ভুটান সীমান্তের দূরত্ব মাত্র ১০ কিলোমিটার। ফলে সে আবার অসমে ঢুকে পড়তে পারে, এমন আশঙ্কাও রয়েছে। বাঘিনির গতিবিধির উপর কড়া নজর রাখছেন বক্সা টাইগার রিজার্ভের আধিকারিকরা।

উল্লেখ্য, বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভে গত ২৯ সেপ্টেম্বর তিন বছর বয়সি বাঘিনিটিকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করা হয়েছিল। ৩০ সেপ্টেম্বর তাকে বক্সা টাইগার রিজার্ভের ২৫ মাইল এলাকায় প্রায় সাত বিঘা জমির উপর তৈরি একটি এনক্লোজারে রাখা হয়। পরে ২ অক্টোবর মুক্ত বনাঞ্চলে যাওয়ার সুযোগ করে দিতে এনক্লোজারের দরজা খুলে দেওয়া হয়েছিল। কিন্তু সেদিন সে বেরোয়নি। ৪ অক্টোবর এনক্লোজার ছেড়ে অসমের দিকে রওনা দেয় বাঘিনিটি।

সঙ্কোশ নদী পেরিয়ে অসমের কোকরাঝাড়ের রাইমোনা বনাঞ্চলে পৌঁছে যায় সে। এরপর গত ৩ নভেম্বর আবার ঘুমপাড়ানি গুলি করে তাকে কাবু করা হয় এবং ফিরিয়ে আনা হয় বক্সায়। ফের রাখা হয় সেই এনক্লোজারেই। ছ’দিন সেখানে থাকার পর গত রবিবার আবারও এনক্লোজার থেকে বেরিয়ে পড়ে ‘ডুয়ার্সের রানি’।

বারবার এনক্লোজার ভেঙে বাঘিনির পালিয়ে যাওয়া যেমন বনদপ্তরের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, তেমনই তার গর্ভে থাকা শাবকদের সম্ভাব্য ক্ষতির খবর নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। এখন বাঘিনির শারীরিক অবস্থা এবং তার পরবর্তী গতিবিধি—দুই বিষয়েই নজর রাখছেন বন আধিকারিকরা।

Related posts

Leave a Comment