28 C
Kolkata
October 14, 2026
রাজ্য

সোনামুখী পঞ্চায়েত সমিতির দখল বিজেপির, গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া— সোনামুখী পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতি পদে নির্বাচিত হলেন বিজেপির দুই সদস্য। বুধবার ভোটাভুটির মাধ্যমে সভাপতি নির্বাচিত হন কুন্তল কোনার এবং সহ-সভাপতি হন মমতা আঁকুড়ে। নির্বাচনী প্রক্রিয়া শেষ হওয়ার পর পঞ্চায়েত সমিতির নির্দিষ্ট আসনে বসার আগে গঙ্গাজল ছিটিয়ে ‘শুদ্ধিকরণ’ করতে দেখা যায় নবনির্বাচিত সভাপতি ও সহ-সভাপতিকে। পরে আবির মেখে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে উচ্ছ্বাসে মাতেন তাঁরা।

২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে সোনামুখী পঞ্চায়েত সমিতির মোট ২৮টি আসনের মধ্যে ২০টিতে জয় পেয়েছিল তৃণমূল। বিজেপি জিতেছিল ৮টি আসনে। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বোর্ড গঠন করেছিল তৃণমূল। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে সরকার পরিবর্তনের পর পঞ্চায়েত সমিতির সভাপতি কুশল বন্দ্যোপাধ্যায় এবং সহ-সভাপতি অন্তরা বাগদি পদত্যাগ করেন। এরপর থেকেই ওই দুই পদ শূন্য ছিল।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সোনামুখী পঞ্চায়েত সমিতির অধীন একাধিক তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতও বিজেপির দখলে এসেছে বলে দাবি। দীর্ঘদিন ধরে সভাপতি ও সহ-সভাপতি পদ শূন্য থাকায় পঞ্চায়েত সমিতির কাজকর্ম নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছিল। সেই পরিস্থিতি কাটাতে বুধবার নির্বাচনের দিন নির্ধারণ করে বিষ্ণুপুর মহকুমা প্রশাসন।

নির্বাচনে জয়ী হওয়ার পর নবনির্বাচিত সভাপতি কুন্তল কোনার বলেন, ‘দেবীপক্ষে আমাদের দল গ্রামের অধিকার গ্রামের মানুষকেই ফিরিয়ে দিল। তৃণমূলের পূর্বতন সভাপতি সোনামুখী শহরের বাসিন্দা ছিলেন। তিনি গ্রামের মানুষের দুঃখ-কষ্ট-যন্ত্রণা বুঝতেন না। আমি গ্রামের মানুষ। কৃষক পরিবারের সন্তান। পঞ্চায়েত সমিতির সকল সদস্যকে নিয়ে গ্রামের মানুষের সার্বিক উন্নয়ন করব।’

এ বিষয়ে সোনামুখীর বিধায়ক তথা রাজ্যের বন, পরিবেশ ও সমবায় দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দিবাকর ঘরামি বলেন, ‘রাজ্যে পালাবদলের পর তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতি পদত্যাগ করায় অসুবিধার সৃষ্টি হয়েছিল। সেই অচলাবস্থা কাটিয়ে আজ দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছ পঞ্চায়েত সমিতি গঠন হল।’

অন্যদিকে, এই পরিবর্তন নিয়ে তৃণমূলের বক্তব্য জানার চেষ্টা করা হলেও বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুগ্ম আহ্বায়ক সুখেন বিদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তাঁকে একাধিক বার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। পাঠানো বার্তারও কোনও উত্তর পাওয়া যায়নি।

Related posts

Leave a Comment