সংবাদ কলকাতা: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের আধিকারিক পরিচয় দিয়ে কলকাতার নিজাম প্যালেসে ঢুকে বড়সড় জালিয়াতির চেষ্টা! স্টাফ সিলেকশন কমিশনের দপ্তরে গিয়ে চাকরিপ্রার্থীদের গোপন নথি ও ব্যক্তিগত তথ্য হাতানোর অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। শেষ পর্যন্ত কমিশনের আধিকারিকদের সন্দেহের জেরে ধরা পড়ে যায় তিনজনই। ভবানীপুর থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে। ধৃতদের কাছ থেকে সিবিআইয়ের একাধিক ভুয়ো পরিচয়পত্র, ভারত সরকারের লোগো লাগানো বিলাসবহুল গাড়ি এবং বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দপ্তরের ভুয়ো নিয়োগপত্র উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম বিপ্রর্ষি বসু, শুভম সরকার এবং পল্লব মণ্ডল। মঙ্গলবার সকালে ভারত সরকারের বোর্ড লাগানো একটি বিলাসবহুল গাড়ি নিয়ে তাঁরা নিজাম প্যালেসে প্রবেশ করেন। গাড়ির সামনে ও পিছনে সরকারি বোর্ড থাকায় নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে সহজেই ভিতরে ঢুকে পড়েন তাঁরা। এরপর গাড়ি থেকে নেমে সোজা স্টাফ সিলেকশন কমিশনের দপ্তরে পৌঁছন তিনজন।
সেখানে গিয়ে নিজেদের সিবিআই আধিকারিক বলে পরিচয় দেন তাঁরা। অভিযোগ, মূল অভিযুক্ত বিপ্রর্ষি বসু নিজেকে সিবিআইয়ের ডিএসপি পদমর্যাদার আধিকারিক বলে দাবি করেন। তাঁর দুই সঙ্গী নিজেদের তদন্তকারী সংস্থার ইন্সপেক্টর বলে পরিচয় দেন। তাঁদের বক্তব্য ছিল, সম্প্রতি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যাঁরা কেন্দ্রীয় সরকারি চাকরি পেয়েছেন, তাঁদের কয়েকজনের বিষয়ে তদন্ত চলছে। সেই তদন্তের প্রয়োজনে নির্দিষ্ট কয়েকজন চাকরিপ্রার্থীর নথি ও ব্যক্তিগত তথ্য দেখতে চান তাঁরা।
প্রথমে তাঁদের পরিচয় নিয়ে বিশেষ সন্দেহ হয়নি কমিশনের আধিকারিকদের। কিন্তু কয়েকজন চাকরিপ্রার্থীর গোপন নথি এবং বিস্তারিত ব্যক্তিগত তথ্য পাওয়ার জন্য তাঁরা অতিরিক্ত চাপ দিতে শুরু করতেই পরিস্থিতি বদলে যায়। তাঁদের পরিচয়পত্র খুঁটিয়ে পরীক্ষা করে সন্দেহ আরও বাড়ে এসএসসি কর্তাদের। এরপর কৌশলে তিনজনকে একটি ঘরে বসিয়ে রেখে তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করেন কমিশনের আধিকারিকরা।
জিজ্ঞাসাবাদের সময় একের পর এক অসংলগ্ন উত্তর দিতে থাকেন অভিযুক্তরা। তাঁদের বক্তব্যের মধ্যে একাধিক অসংগতি ধরা পড়ে। তাতেই নিশ্চিত হন কমিশনের আধিকারিকরা, ওই তিনজন প্রকৃত সিবিআই কর্তা নন। সঙ্গে সঙ্গে ভবানীপুর থানায় খবর দেওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে সিবিআই দপ্তরের সঙ্গে যোগাযোগ করে তাঁদের পরিচয় যাচাই করা হয়। তখনই স্পষ্ট হয়ে যায়, সিবিআইয়ের সঙ্গে ওই তিনজনের কোনও সম্পর্ক নেই।
কলকাতা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ধৃতদের কাছ থেকে সিবিআইয়ের বেশ কয়েকটি ভুয়ো পরিচয়পত্র উদ্ধার হয়েছে। পাশাপাশি ভারত সরকারের লোগো ও বোর্ড লাগানো একটি বিলাসবহুল গাড়ি এবং একাধিক ভুয়ো নিয়োগপত্রও বাজেয়াপ্ত করা হয়েছে।
তদন্তকারীদের প্রাথমিক অনুমান, শুধু নিজাম প্যালেসে ঢুকে তথ্য সংগ্রহ করাই এই চক্রের উদ্দেশ্য ছিল না। এর পিছনে বড়সড় চাকরি প্রতারণা চক্র কাজ করতে পারে। বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে চাকরিপ্রার্থীদের কাছ থেকে মোটা টাকা আদায় করা হত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। উদ্ধার হওয়া নিয়োগপত্রগুলি কোন কোন মন্ত্রক বা দপ্তরের নামে তৈরি করা হয়েছিল, সেগুলিও পরীক্ষা করা হচ্ছে।
কী উদ্দেশ্যে সিবিআই আধিকারিকের পরিচয় নিয়ে স্টাফ সিলেকশন কমিশনের দপ্তরে ঢুকেছিলেন অভিযুক্তরা, তা এখনও স্পষ্ট নয়। কোনও নির্দিষ্ট চাকরিপ্রার্থীর নথি হাতানোর পরিকল্পনা ছিল, নাকি আরও বড় কোনও জালিয়াতির ছক তৈরি হয়েছিল, তা জানার চেষ্টা চলছে। এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না এবং প্রতারণার জাল কত দূর বিস্তৃত, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে ভবানীপুর থানার পুলিশ।
