চা, কমলা, অর্কিডের পর এ বার কি সোনার ভাণ্ডারের সন্ধান মিলবে উত্তরবঙ্গের পাহাড়ে? দার্জিলিং ও কালিম্পংয়ের মাটির নীচে লুকিয়ে থাকতে পারে স্বর্ণভাণ্ডার (Darjeeling Gold Mine)। শুধু এই দুই পাহাড়ি জেলা নয়, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম-সহ রাজ্যের মোট ন’টি এলাকায় সোনার খনির সম্ভাবনার কথা উঠে এসেছে কেন্দ্রীয় খনি মন্ত্রকের প্রাথমিক সমীক্ষায় (West Bengal Gold Exploration)। এই খবর সামনে আসতেই বিষয়টি ঘিরে আশাবাদী রাজ্য সরকার। সম্ভাবনা বাস্তবে পরিণত হলে রাজ্যের অর্থনীতি এবং কর্মসংস্থানের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছে রাজ্য।
কালীপুজোর দিন রবিবার এই সম্ভাবনার কথা জানান রাজ্যের অর্থ ও পরিবহণ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন (Anandamoy Barman)। তিনি বলেন, কেন্দ্রীয় খনি মন্ত্রকের রিপোর্টে দার্জিলিং ও কালিম্পং পাহাড়ে স্বর্ণখনির সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। তাঁকেও অনেকে এ বিষয়ে প্রশ্ন করেছেন। মন্ত্রীর বক্তব্য, এই সম্ভাবনা সত্যি হলে উত্তরবঙ্গ-সহ গোটা রাজ্যের অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন হতে পারে। নতুন শিল্প ও অনুসারী শিল্প গড়ে ওঠার পাশাপাশি স্থানীয় মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। রাজ্যের আয় বাড়লে উন্নয়নমূলক কাজ এবং সামাজিক প্রকল্পগুলিতেও বাড়তি গতি আসবে।
প্রাথমিক সমীক্ষায় রাজ্যের ন’টি সম্ভাবনাময় এলাকাকে ‘জি-৪’ স্তরে চিহ্নিত করা হয়েছে (G4 Mineral Exploration)। খনিজ অনুসন্ধানের এই পর্যায় মূলত প্রাথমিক সম্ভাবনা যাচাইয়ের স্তর। অর্থাৎ, সংশ্লিষ্ট এলাকায় সোনার উপস্থিতির ইঙ্গিত মিললেও এখনও তার প্রকৃত পরিমাণ, অবস্থান কিংবা উত্তোলনের উপযোগিতা সম্পর্কে নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি। কোথায় কতটা গভীরে সোনা রয়েছে, কী পরিমাণ মজুত থাকতে পারে এবং তা বাণিজ্যিকভাবে উত্তোলন করা সম্ভব কি না, তা জানতে পরবর্তী পর্যায়ে আরও বিস্তারিত সমীক্ষা প্রয়োজন। সংশ্লিষ্ট এলাকাগুলির উপর নজর রাখছে ভূতাত্ত্বিক সর্বেক্ষণ (Geological Survey of India)। আগামী দিনে আরও অনুসন্ধানের মাধ্যমে সম্ভাবনার বাস্তব চিত্র সামনে আসবে।
প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ দার্জিলিং ও কালিম্পং পাহাড়ের পরিচিতি বহু পুরনো (North Bengal Economy)। সিঙ্কোনা, চা, কমলা এবং বিভিন্ন প্রজাতির অর্কিডের চাষ এই অঞ্চলের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। এখানকার চা ও কমলার সুনাম দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক বাজারেও রয়েছে। ইতিমধ্যেই দু’টি পণ্যই ভৌগোলিক স্বীকৃতি পেয়েছে। সাম্প্রতিক সময়ে কালিম্পংয়ে কফি চাষেরও প্রসার ঘটছে। পাহাড়ের নদী, ঝোরা, বন ও জঙ্গল ঘেরা প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি খনিজ সম্পদের সম্ভাবনা নতুন করে এই অঞ্চলের গুরুত্ব বাড়াতে পারে।
তবে প্রশাসনিক ও অর্থনৈতিক মহলের কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন, প্রাথমিক সমীক্ষার ইঙ্গিত কতটা বাস্তবায়িত হয়। কারণ, শুধু সম্ভাবনা চিহ্নিত হলেই খনি গড়ে তোলা যায় না। প্রয়োজন বিস্তারিত অনুসন্ধান, মজুতের পরিমাণ নির্ধারণ, পরিবেশগত মূল্যায়ন এবং উত্তোলনের উপযোগিতা যাচাই। সেই সমস্ত ধাপ পেরিয়ে সত্যিই যদি সোনার সন্ধান মেলে, তা হলে উত্তরবঙ্গের অর্থনৈতিক মানচিত্রে নতুন অধ্যায় শুরু হতে পারে।
