October 31, 2026
রাজ্য

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দক্ষতা পদক পেলেন বাংলার ৮ পুলিশ আধিকারিক

সংবাদ কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ‘কেন্দ্রীয় গৃহমন্ত্রী দক্ষতা পদক’ পেলেন পশ্চিমবঙ্গ পুলিশের আট আধিকারিক। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার এই পদকের প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে। তালিকায় রয়েছেন রাজ্যের সাত জন সাব-ইনস্পেক্টর এবং এক জন ইন্সপেক্টর। বিশেষ অভিযান, অপরাধের তদন্ত এবং পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবেই এই সম্মান দেওয়া হয়।

পদকপ্রাপকদের তালিকায় রয়েছেন সাব-ইনস্পেক্টর মানসচন্দ্র দত্ত, জয়ন্তকুমার চক্রবর্তী, তেনজিং ভুটিয়া, শংকর দে, চানকু ভুটিয়া, কৌশিক বসাক ও সমীর ঘোষ। এ ছাড়াও ইন্সপেক্টর রামগোপাল পাল এই সম্মান পেয়েছেন। মানসচন্দ্র দত্ত বর্তমানে বাঁদোয়ান থানায় সাব-ইনস্পেক্টর হিসেবে কর্মরত। অন্য দিকে, জয়ন্তকুমার চক্রবর্তী পুরুলিয়া জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের অফিসার ইনচার্জ পদে রয়েছেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এই পদক পুলিশ ও নিরাপত্তা বাহিনীর বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ কাজের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়। সন্ত্রাসবাদ দমন, নকশালবিরোধী অভিযান, বিশেষ অভিযান পরিচালনা, অপরাধের তদন্ত এবং গোয়েন্দা বিভাগে উল্লেখযোগ্য সাফল্যের মতো কাজের ভিত্তিতে আধিকারিকদের বেছে নেওয়া হয়। শুধু অভিযান বা তদন্ত নয়, পেশাগত দক্ষতা ও বিশেষ দায়িত্ব পালনের ক্ষেত্রেও এই সম্মান দেওয়া হয়ে থাকে।



এ বছর সারা দেশের মোট ৪৯০ জন আধিকারিক ও কর্মী এই পদক পেয়েছেন। তাঁদের মধ্যে ৩৫৮ জন বিশেষ অভিযানে সাফল্যের জন্য, ১২৩ জন তদন্তের ক্ষেত্রে অসামান্য কাজের জন্য এবং ন’জন ফরেনসিক বিজ্ঞানে অবদানের জন্য নির্বাচিত হয়েছেন। কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী, বিভিন্ন রাজ্যের পুলিশ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং অন্যান্য নিরাপত্তা সংগঠনের সদস্যরাও রয়েছেন এই তালিকায়।

উল্লেখ্য, ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই পদক চালু করে। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর ৩১ অক্টোবর পদকপ্রাপকদের নাম ঘোষণা করা হয়। কাজের প্রতি নিষ্ঠা, পেশাগত দক্ষতা এবং বিশেষ দায়িত্ব পালনে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি দেওয়াই এই সম্মানের মূল উদ্দেশ্য।

এ বার সেই জাতীয় স্তরের স্বীকৃতির তালিকায় বাংলার আট পুলিশ আধিকারিকের নাম উঠে আসায় রাজ্য পুলিশের মহলে খুশির আবহ তৈরি হয়েছে।

Related posts

Leave a Comment