24 C
Kolkata
October 27, 2026
Uncategorized

৫ ওভারেই ১০০ রান! নিউ জিল্যান্ডে সিরিজ জয় শ্রেয়সদের

দু’ম্যাচ বাকি থাকতেই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় নিজেদের পকেটে পুরল ভারতীয় দল। ওয়েলিংটনের ২২ গজে কিউয়ি বোলারদের নিয়ে একরকম ছেলেখেলা করলেন দুই ওপেনার অভিষেক শর্মা ও ১৫ বছরের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী।

জয়ের জন্য বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন এই দুই তরুণ ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে নজির গড়ে মাত্র ৫ ওভারেই স্কোরবোর্ডে ১০০ রান তুলে দেয় এই জুটি! মাত্র ১৯ বলে ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪৫ রানের দুরন্ত ইনিংস খেলেন বৈভব। অন্যদিকে আরও বেশি আক্রমণাত্মক মেজাজে ছিলেন অভিষেক; মাত্র ৩৮ বলে ১১৩ রানের এক রূপকথার ইনিংসে তিনি হাঁকান ৯টি চার এবং ১১টি বিশাল ছক্কা।



ম্যাচ শেষে দলের দুই তরুণের এমন ভয়ডরহীন ব্যাটিংয়ে মুগ্ধ খোদ অধিনায়ক শ্রেয়স আয়ার। তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আমি আর সঞ্জু যখন ব্যাট করতে নামলাম, তখনও বল ভাল সুইং করছিল। জানি না, তার মধ্যে আমাদের দুই ওপেনার কী করে ওরকম খেলল! ৫ ওভারে ১০০ রান—আন্তর্জাতিক ক্রিকেটে এরকম আগে কখনও দেখিনি। এই জয়ের কৃতিত্ব সম্পূর্ণ ওদের।”এদিকে আগের ম্যাচগুলোতে বোলিং নিয়ে সমালোচনা হলেও, এ দিন বোলাররা ভালো কামব্যাক করেছেন। অধিনায়ক শ্রেয়সের নির্দেশ অনুযায়ী সঠিক লেংথ ও ইয়র্কারের জাদুতে কিউয়িদের ২০০ রানের মধ্যেই আটকে রাখতে সক্ষম হয় ভারতীয় বোলাররা।

প্রথম তিনটি ম্যাচ জিতেই সিরিজ় জয় নিশ্চিত করে ফেলেছে ভারত। আগামী শুক্রবার অকল্যান্ডে সিরিজের চতুর্থ ম্যাচ খেলতে নামবে শ্রেয়সের দল। তরুণদের এই পারফরম্যান্স ভারতীয় দলের ভবিষ্যৎ যে অত্যন্ত উজ্জ্বল, তা আরও একবার প্রমাণ করে দিল।

Related posts

Leave a Comment