30 C
Kolkata
October 9, 2026
রাজ্য

আরজি করের শৌচাগার ভাঙার নির্দেশ কি স্বাস্থ্যসচিবের? মুখ্যমন্ত্রীর সামনেই প্রশ্ন রত্না দেবনাথের

সংবাদ কলকাতা: আরজি কর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের নির্মম ধর্ষণ ও হত্যাকাণ্ডের পর একের পর এক ঘটনাপ্রবাহে স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন নির্যাতিতার মা তথা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। শুক্রবার আরজি কর হাসপাতালে অখিল ভারতীয় विद्यार्थी পরিষদ (ABVP)-এর চিকিৎসক সংগঠনের সর্বভারতীয় সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মঞ্চে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই নারায়ণ স্বরূপ নিগমের বিরুদ্ধে সরব হন রত্না দেবী এবং তিনি কেন এখনও স্বাস্থ্যসচিব পদে বহাল রয়েছেন, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।


সম্মেলনে বক্তব্য রাখার সময় মেয়েকে স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন রত্না দেবনাথ। তিনি অভিযোগ করেন, আরজি করের যে সেমিনার হল সংলগ্ন শৌচাগার ভেঙে ফেলার ঘটনা ঘটেছিল, তার নির্দেশ দিয়েছিলেন খোদ স্বাস্থ্যসচিবই। সিবিআই (CBI)-এর স্টেটাস রিপোর্টেও এই সংক্রান্ত বিষয়ের উল্লেখ রয়েছে দাবি করে তার একটি প্রতিলিপি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন তিনি। এ ছাড়া আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়েও বিস্ফোরক দাবি তোলেন রত্না দেবী। তাঁর অভিযোগ, মেয়েকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করার আগেই ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি স্পষ্ট জানান, স্বাস্থ্য বিভাগে ভয়ের পরিবেশ কাটাতে এবং দুর্নীতি দূর করতে হলে নিগম সহ ওপরতলার কয়েকজন কর্মকর্তাকে পদ থেকে না সরালে ন্যায়বিচার অধরা থেকে যাবে।


নির্যাতিতার মায়ের অভিযোগে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, হাসপাতালের পরিকাঠামো ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পূর্ত দপ্তরের আওতাধীন হলেও ঘটনার দিন স্বাস্থ্যসচিবের কি নির্দেশ ছিল, তা খতিয়ে দেখা হবে। নারায়ণ স্বরূপ নিগম সত্যিই শৌচালয় ভাঙার নির্দেশ দিয়ে থাকলে তাঁকে দ্রুত পদ থেকে সরিয়ে দেওয়ার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি আদালতের অনুমতি সাপেক্ষে হাসপাতালের ক্ষতিগ্রস্ত জরুরি ভবন মেরামতের প্রতিশ্রুতিও দেন তিনি। মুখ্যমন্ত্রীর এই আশ্বাসে আস্থা প্রকাশ করেছেন নির্যাতিতার বাবা-মা।

Related posts

Leave a Comment