28 C
Kolkata
September 27, 2026
রাজ্য

কারখানায় তোলাবাজি, কড়া বার্তা শমীকের

নিজস্ব সংবাদদাতা, হুগলি— কারখানা থেকে চাঁদা বা তোলাবাজির অভিযোগ নিয়ে দলের নেতা-কর্মীদের কড়া বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। ডানকুনির একটি অনুষ্ঠানে তিনি স্পষ্ট জানিয়ে দেন, বিজেপির কোনও শ্রমিক সংগঠন নেই। দলের পতাকা ব্যবহার করে কেউ কারখানার গেটে গিয়ে চাঁদা বা তোলা চাইলে পুলিশকে সরাসরি গ্রেপ্তারের পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন তিনি।

শমীক ভট্টাচার্যের অভিযোগ, ডানকুনি ও সংলগ্ন এলাকায় কিছু ব্যক্তি দলের পতাকা ব্যবহার করে নিজেদের বিজেপি কর্মী হিসেবে পরিচয় দিয়ে কারখানার গেটে পৌঁছচ্ছেন। তাঁদের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, কেউ যদি সত্যিই বিজেপির সঙ্গে যুক্ত থেকে এই ধরনের কাজে জড়িয়ে থাকেন, তা হলে দলীয় স্তরেও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর কেউ বিজেপির নাম ব্যবহার করে এই কাজ করলে প্রশাসনের দায়িত্ব রয়েছে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার।

ডানকুনির অনুষ্ঠানে শমীক বলেন, ‘আমাদের দলের কোনও শ্রমিক সংগঠন নেই। বিজেপিতে এই ধরনের কারখানা থেকে চাঁদা তোলার কোনও ব্যবস্থা নেই। একদম সরাসরি গ্রেপ্তার করবেন।’ তিনি আরও বলেন, দলের পতাকা হাতে নিয়ে কেউ অনৈতিক দাবি নিয়ে কারখানার গেটে গেলে পুলিশ যেন রাজনৈতিক পরিচয়ের কারণে কোনও রকম চাপের কাছে নতি স্বীকার না করে।


বিজেপির রাজ্য সভাপতি এদিন ‘সদ্য’ বিজেপিদের নিয়েও সতর্ক করেন। তাঁর বক্তব্য, কেউ দীর্ঘদিন দলের সঙ্গে যুক্ত না থেকেও হঠাৎ বিজেপির পতাকা হাতে নিয়ে কারখানায় পৌঁছে গেলে তাঁর পরিচয় ও উদ্দেশ্য খতিয়ে দেখা প্রয়োজন। দলের সঙ্গে যোগাযোগ থাকা কোনও ব্যক্তি তোলাবাজির ঘটনায় যুক্ত থাকলে বিজেপি নিজস্ব স্তরে ব্যবস্থা নেবে বলেও তিনি জানান।

শমীক ভট্টাচার্য বলেন, ‘শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে এই ধরনের তোলাবাজি, সমাজবিরোধী কার্যকলাপ এবং হিংসামূলক কাজের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থান নিয়েছি। অনেক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।’ একইসঙ্গে তিনি জানান, রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পরও দলের নাম ব্যবহার করে অনৈতিক কাজের অভিযোগ পুরোপুরি বন্ধ হয়নি। এর আগে আগস্টেও তিনি তোলাবাজি নিয়ে দলীয় কর্মীদের সতর্ক করেছিলেন এবং বিচ্যুতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন।

কারখানায় শ্রমিক সংগঠনের নামে চাঁদা আদায়ের অভিযোগকে ঘিরে ডানকুনিতে এর আগেও রাজনৈতিক চাপানউতোর হয়েছে। শমীকের সাম্প্রতিক বক্তব্যে দলের নাম ব্যবহার করে এমন কার্যকলাপের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি দলীয় শাস্তির কথাও স্পষ্ট হয়েছে। ফলে কারখানা-শিল্পাঞ্চলে বিজেপির নাম ব্যবহার করে তোলাবাজির অভিযোগ উঠলে দল যে তা সমর্থন করবে না, সেই বার্তাই আরও একবার প্রকাশ্যে দিলেন রাজ্য সভাপতি।

Related posts

Leave a Comment