29 C
Kolkata
September 26, 2026
রাজ্য

নিম্নচাপের প্রভাব কাটছে, দুপুরের পর কলকাতায় কমবে বৃষ্টি

প্রতিনিধিত্বমূলক চিত্র

সংবাদ কলকাতা: দক্ষিণ ওড়িশা ও ছত্তিশগড়ের উপর তৈরি হওয়া নিম্নচাপ আরও উত্তর-পশ্চিম দিকে সরে যাওয়ায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমার ইঙ্গিত মিলেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দুপুরের পর কলকাতা ও শহরতলিতে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমতে পারে। আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনাও প্রায় নেই।

ভোররাত থেকেই কলকাতা ও শহরতলির বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি শুরু হয়। সকালের দিকে বৃষ্টির তীব্রতা আরও বাড়ে। শহরের কয়েকটি এলাকায় মুষলধারে বৃষ্টিও হয়েছে। পরে বৃষ্টি থামলেও আকাশ দিনভর মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দুপুরের পর বৃষ্টির পরিমাণ কমে আসতে পারে।

দক্ষিণ ওড়িশা ও ছত্তিশগড়ের উপর অবস্থান করা নিম্নচাপটি ইতিমধ্যেই উত্তর-পশ্চিম দিকে সরে গিয়েছে। শুক্রবার রাত পর্যন্ত সেটি নিম্নচাপ হিসেবে থাকার পর শনিবার সকালের মধ্যে আরও দুর্বল হয়ে নিম্নচাপ অঞ্চলে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই আবহাওয়া ব্যবস্থার প্রভাবেই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে।

কলকাতায় শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ০.৪ ডিগ্রি কম। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় তা ১.৯ ডিগ্রি কম।

দক্ষিণবঙ্গে আগামী দিনগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা না থাকলেও একেবারে বৃষ্টি বন্ধ হবে না। কলকাতা-সহ বিভিন্ন জেলায় দু’এক জায়গায় বিক্ষিপ্ত ভাবে কয়েক পশলা বৃষ্টি হতে পারে। তবে নতুন করে কোনও আবহাওয়া সতর্কতা জারি করা হয়নি।

নিম্নচাপ দুর্বল হয়ে গেলেও উপকূলের পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। সমুদ্র কিছুটা উত্তাল রয়েছে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার বেগ কখনও ঘণ্টায় ৫৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। সেই কারণে দুপুর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

উত্তরবঙ্গেও শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে রবিবার থেকে উত্তরবঙ্গের কোনও জেলাতেই আবহাওয়া সংক্রান্ত সতর্কতা থাকছে না।

Related posts

Leave a Comment