September 24, 2026
খেলা

ক্যাটালিনা জয় আফরিনের

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর— ইংলিশ চ্যানেলের পর এ বার ক্যাটালিনা চ্যানেল জয় করলেন মেদিনীপুরের সাঁতারু আফরিন। প্রতিকূল আবহাওয়া এবং ঠান্ডা সমুদ্রের জল উপেক্ষা করে প্রায় ১৫ ঘণ্টা টানা সাঁতার কেটে আমেরিকার ক্যালিফোর্নিয়ার ক্যাটালিনা চ্যানেল পার হলেন মেদিনীপুর সুইমিং ক্লাবের সদস্যা। তাঁর এই সাফল্যে উচ্ছ্বসিত ক্লাব কর্তৃপক্ষ থেকে শুরু করে মেদিনীপুরের মানুষ।

মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার স্থানীয় সময় রাত সাড়ে ১১টা নাগাদ সমুদ্রে নামেন আফরিন। ভারতীয় সময় বৃহস্পতিবার রাত পৌনে ৩টে নাগাদ তাঁর ক্যাটালিনা চ্যানেল পার হওয়ার খবর পৌঁছয় মেদিনীপুর সুইমিং ক্লাবে। ক্লাবের সম্পাদক পল্লব চট্টোপাধ্যায় জানান, প্রায় ১৫ ঘণ্টা সমুদ্রের প্রতিকূলতার সঙ্গে লড়াই করে লক্ষ্যে পৌঁছেছেন আফরিন। বর্তমানে তিনি বিশ্রামে রয়েছেন। তাঁর বাবার সঙ্গেও ফোনে কথা হয়েছে ক্লাব কর্তৃপক্ষের।

ক্যাটালিনা জয় অবশ্য সহজ ছিল না। সমুদ্রের জলের তাপমাত্রা ছিল মাত্র ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। তার উপর ছিল প্রবল বিপরীতমুখী ঢেউ। প্রায় ০.৯ মিটার উচ্চতার ঢেউয়ের সঙ্গে লড়তে হয়েছে তাঁকে। সেই সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৮.২৮ কিলোমিটার। একের পর এক প্রতিকূলতা সামনে এলেও সাঁতার থামাননি আফরিন।


জানা গিয়েছে, প্রথম সাড়ে সাত ঘণ্টায় প্রায় ১৫.২ কিলোমিটার পথ অতিক্রম করেছিলেন তিনি। পরের দিকে সমুদ্রের পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠলেও লক্ষ্যে স্থির ছিলেন মেদিনীপুরের এই সাঁতারু। শেষ পর্যন্ত প্রায় ৩২ কিলোমিটার পথ সাঁতরে ক্যাটালিনা চ্যানেল জয় করেন আফরিন।

এই অভিযান সফল করতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল অর্থের অভাবও। মেদিনীপুর শহরের ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আফরিনের পরিবারের পক্ষে আমেরিকায় গিয়ে এই দীর্ঘ ও কঠিন সাঁতার অভিযানের খরচ বহন করা সহজ ছিল না। একসময় অর্থের অভাবে অভিযান থমকে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছিল।

সেই সময় আফরিনের পাশে দাঁড়ায় মেদিনীপুরের একাধিক শিল্প সংস্থা। পাশাপাশি সাহায্যের হাত বাড়িয়ে দেন জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারও। প্রশাসন, শিল্প সংস্থা এবং সাধারণ মানুষের সহযোগিতাতেই আমেরিকা যাওয়ার পথ তৈরি হয় তাঁর। শেষ পর্যন্ত সেই আস্থার মর্যাদা রাখলেন আফরিন।


এর আগে ২০২৫ সালের ২৯ জুলাই ইংলিশ চ্যানেল জয় করে নজর কেড়েছিলেন তিনি। তারও আগে শ্রীলঙ্কার তালাইমন্নার থেকে তামিলনাড়ুর ধনুষ্কোডি পর্যন্ত প্রায় ২৯ কিলোমিটার দীর্ঘ পক প্রণালী সাঁতরে পার হয়েছিলেন আফরিন। মাত্র ৭ ঘণ্টা ৫ মিনিটে সেই পথ পেরিয়ে রেকর্ড গড়েছিলেন তিনি।

এ বার ক্যাটালিনা চ্যানেল জয় করে নিজের সাফল্যের মুকুটে আরও একটি পালক যোগ করলেন মেদিনীপুরের ‘জলকন্যা’। একের পর এক আন্তর্জাতিক জলপথ জয়ের মাধ্যমে শুধু নিজের নামই নয়, মেদিনীপুরের নামও আন্তর্জাতিক সাঁতার মানচিত্রে তুলে ধরলেন আফরিন।

Related posts

Leave a Comment