সংবাদ কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়-সহ রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ করার আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হল। এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা ইতিমধ্যেই হাই কোর্টে বিচারাধীন। মামলাটির দ্রুত শুনানির আবেদন জানিয়ে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বুধবার মামলাটি প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চে শুনানির জন্য উঠবে।
সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে বামপন্থী ও গেরুয়াপন্থী ছাত্র সংগঠনগুলির মধ্যে সংঘর্ষের ঘটনায় রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোড়ন তৈরি হয়। বিশ্ববিদ্যালয় চত্বরের উত্তেজনার আঁচ পৌঁছয় প্রশাসনিক মহলেও। সেই সময় বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ে ঢুকে ভাঙচুর চালানোর অভিযোগও সামনে আসে।

এর পরেই বিশ্ববিদ্যালয়গুলিতে বহিরাগতদের অবাধ প্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। মামলাকারীর অভিযোগ, বহিরাগতদের অবাধ যাতায়াতের কারণে ক্যাম্পাসের শান্তি ও শৃঙ্খলা নষ্ট হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে সাধারণ পড়ুয়াদের উপরও। পড়াশোনা এবং শিক্ষা সংক্রান্ত স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে বলে মামলায় দাবি করা হয়েছে।
মামলায় রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ এবং ক্যাম্পাসের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের আর্জি জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে এই সমস্যা নিয়ে অভিযোগ উঠলেও এখনও স্থায়ী সমাধান হয়নি বলেই মামলাকারীর বক্তব্য।
এখন এই জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আবেদন হাই কোর্টে জানানো হয়েছে। বুধবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানি হলে বিশ্ববিদ্যালয়গুলিতে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ নিয়ে আদালতের অবস্থান কী হয়, সে দিকেই নজর থাকবে।
