September 13, 2026
রাজ্য

পানিহাটিতে সিইএসসি ভবনে ভয়াবহ আগুন, পুড়ল ঝুপড়ি ও অটো

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা— রবিবার দুপুরে পানিহাটির ধানকল মোড় সংলগ্ন এলাকায় সিইএসসির একটি ভবনে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ভবনের একাধিক অংশে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, আগুনের গ্রাসে পড়ে আশপাশের কয়েকটি ঝুপড়িও। অগ্নিকাণ্ড ঘিরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়।

আগুন দেখতে পেয়ে প্রথমে স্থানীয় বাসিন্দারাই তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল। প্রথম দফায় চারটি ইঞ্জিন আগুন নেভানোর কাজে নামে। আগুনের তীব্রতা বেশি থাকায় পরে আরও পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ভবনের ভিতরে আগুন ছড়িয়ে পড়ায় দমকলকর্মীদের প্রবেশ করতেও সমস্যার মুখে পড়তে হয়। পরে বুলডোজ়ার দিয়ে ভবনের গেট ভেঙে ভিতরে ঢুকে আগুন নেভানোর কাজ শুরু করেন তাঁরা। প্রথমে বাইরে থেকে জল দিয়ে আগুনের তীব্রতা কমানোর চেষ্টা করা হয়। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে ভিতরে ঢুকে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলকর্মীরা।

দমকল সূত্রে জানা গিয়েছে, আগুনের তীব্রতা যথেষ্ট বেশি ছিল। পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনে আরও ইঞ্জিন ঘটনাস্থলে আনা হতে পারে। রাস্তার ধারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় ওই এলাকায় যান চলাচলেও প্রভাব পড়ে। যানজট সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ থানার পুলিশ।


প্রাথমিক ভাবে দমকলের অনুমান, সিইএসসি ভবনের একটি ট্রান্সফরমারে বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে ঠিক কী কারণে ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। দমকল আধিকারিকেরা জানিয়েছেন, এই মুহূর্তে তাঁদের প্রধান লক্ষ্য আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা। তার পরেই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে।

আগুনে ভবনের সামনে দাঁড়িয়ে থাকা একটি অটোও পুড়ে যায়। পাশাপাশি কয়েকটি ঝুপড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয়দের দাবি। তবে অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পরেই ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে।

ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন বিজেপির উত্তর কলকাতা শহরতলির সাংগঠনিক জেলার সভাপতি চণ্ডীচরণ রায়। তিনি জানান, আরও দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসছে এবং কয়েকটি ঝুপড়ি পুড়ে গিয়েছে। দমকলকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

Related posts

Leave a Comment