সংবাদ কলকাতা: বাংলার দুর্গাপুজোকে আরও বড় পরিসরে বিশ্বের দরবারে তুলে ধরতে নয়া উদ্যোগ আদানি গোষ্ঠীর। এবার দেশ-বিদেশের অতিথিদের নিয়ে কলকাতার বাছাই করা পুজো ঘোরানোর পাশাপাশি প্রায় ১০ হাজার প্রবীণ নাগরিককে এই বিশেষ পরিক্রমায় সামিল করার পরিকল্পনা করা হয়েছে। ‘দুর্গাপুজো প্রিভিউ টুর’-এর প্রস্তাব ইতিমধ্যেই নবান্নে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
নবান্ন সূত্রে খবর, পুজোর সময় কর্পোরেট উদ্যোগে বিভিন্ন টুরের আয়োজন হলেও সেখানে অনেক সময় প্রবীণ নাগরিকদের অংশগ্রহণের সুযোগ থাকে না। এবার সেই ছবিই বদলাতে চাইছে আদানি গোষ্ঠী। প্রবীণদের সামনে রেখেই এই বিশেষ প্রিভিউ টুর আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এই নিয়ে রাজ্য সরকারের সঙ্গে গোষ্ঠীর প্রতিনিধিদের একাধিক দফায় বৈঠকও হয়েছে বলে সূত্রের খবর।

পরিকল্পনা অনুযায়ী, তিন দিন ধরে কলকাতার বাছাই করা আটটি দুর্গাপুজো ঘুরে দেখবেন দেশ-বিদেশের অতিথিরা। শুধু প্রতিমা দর্শন নয়, বাংলার দুর্গাপুজোর ঐতিহ্য, শিল্পকলা এবং সাংস্কৃতিক বৈচিত্র্যও তাঁদের সামনে তুলে ধরা হবে। একই সঙ্গে কলকাতার আতিথেয়তার অভিজ্ঞতাও পাবেন তাঁরা।
‘আদানি পুজো প্রিভিউ’ শুরু হওয়ার কথা ১০ অক্টোবর থেকে। চলবে ১১ ও ১২ অক্টোবর পর্যন্ত। মহালয়ার দিন ইডেন উদ্যানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এবারের দুর্গাপুজোর সূচনা হওয়ার কথা। এরপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে রেড রোডে রোড শো এবং বিশেষ অনুষ্ঠানের আয়োজন রয়েছে। সেই কর্মসূচির পর থেকেই শুরু হবে পুজো প্রিভিউ টুর।

সাধারণ দর্শনার্থীদের যাতে পুজো দেখায় কোনও সমস্যা না হয়, সেই বিষয়টিও মাথায় রাখা হয়েছে। প্রথমা ও দ্বিতীয়ার দিনেই বিশেষ পরিক্রমার সময় নির্ধারণ করা হয়েছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, সন্ধ্যা ৬টা থেকে ভোর ৫টা পর্যন্ত অতিথিরা নির্দিষ্ট পুজোগুলিতে ঘুরবেন।
এই উদ্যোগের মাধ্যমে বাংলার দুর্গাপুজোর ঐতিহ্যকে আন্তর্জাতিক পর্যায়ে আরও বেশি করে তুলে ধরাই লক্ষ্য বলে জানা গিয়েছে। আগামী বছরগুলিতে এই পরিক্রমায় আরও বেশি সংখ্যক পুজোকে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে আদানি গোষ্ঠীর।
প্রায় ১০ হাজার প্রবীণ নাগরিককে সঙ্গে নিয়ে এমন বড় আকারের পুজো পরিক্রমার পরিকল্পনা ইতিমধ্যেই নজর কেড়েছে। এখন নবান্নের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত রূপরেখা কী হয়, সেদিকেই নজর।
