September 4, 2026
দেশ

শ্রীনগর বিমানবন্দরে অবতরণের পর খুঁটিতে ধাক্কা ইন্ডিগোর বিমানের, অল্পের জন্য রক্ষা যাত্রীরা

শ্রীনগর— শুক্রবার সকালে শ্রীনগর বিমানবন্দরে অবতরণের পর দুর্ঘটনার মুখে পড়ল ইন্ডিগোর একটি বিমান। মুম্বই থেকে আসা ইন্ডিগোর ৬ই ২২৫ উড়ানটি অবতরণের পর পার্কিংয়ের সময় বিমানবন্দরের ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেমের একটি খুঁটিতে ধাক্কা মারে। ঘটনায় বিমানের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে স্বস্তির খবর, বিমানে থাকা কোনও যাত্রী বা কর্মী আহত হননি।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ইন্ডিগোর উড়ানটি শুক্রবার সকাল ৯টা ২ মিনিটে শ্রীনগর বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের পর বিমানটিকে ৬ নম্বর বে-তে পার্ক করানো হচ্ছিল। সেই সময়ই বিমানটি ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেমের খুঁটিতে ধাক্কা মারে।

ধাক্কার জেরে বিমানের নাকের অংশে ক্ষতি হয়েছে। ঘটনার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত তাঁদের নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়। ইন্ডিগোর তরফেও জানানো হয়েছে, এই ঘটনায় কেউ আহত হননি এবং সমস্ত যাত্রীকে নিরাপদে নামানো হয়েছে।


ঠিক কী কারণে বিমানটি পার্কিংয়ের সময় খুঁটিতে ধাক্কা মারল, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হওয়ার পরই দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে।

প্রাথমিকভাবে বিমানবন্দরের স্বাভাবিক পরিষেবায় এই ঘটনার কোনও প্রভাব পড়েনি বলেও জানা গিয়েছে। অন্যান্য উড়ানের ওঠানামা স্বাভাবিক ছিল।

বিমান পরিষেবা নিয়ে সাম্প্রতিক একাধিক ঘটনার মধ্যে শ্রীনগরের এই ঘটনা নতুন করে নজর কেড়েছে। গত মঙ্গলবার গোয়া থেকে দিল্লিগামী ইন্ডিগোর একটি উড়ানের ইঞ্জিন মাঝ আকাশে বিকল হয়ে যায়। পরিস্থিতি বুঝে পাইলট বিমানটিকে গোয়ায় ফিরিয়ে নিয়ে গিয়ে জরুরি অবতরণ করান।

এর পর বৃহস্পতিবার বারাণসী থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি উড়ানে মাঝ আকাশে আচমকা ধোঁয়া সংক্রান্ত সতর্কবার্তা পাওয়া যায়। নিরাপত্তার কারণে বিমানটিকে লখনউ বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। পরপর এই ধরনের ঘটনার মধ্যে শ্রীনগর বিমানবন্দরে ইন্ডিগোর বিমানের খুঁটিতে ধাক্কার ঘটনাও বিমান নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

তবে শ্রীনগরের ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের দিকেই নজর রয়েছে।

Related posts

Leave a Comment