29 C
Kolkata
August 24, 2026
রাজ্য

সরকারি সম্পত্তি ভাঙচুরে তিন গুণ ক্ষতিপূরণ, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

গুন্ডাদমন আইনের অংশ কার্যকর বাংলায়

সংবাদ কলকাতা: সরকারি সম্পত্তি নষ্ট করলে আর রেয়াত নয়। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে এমনই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, সোমবার থেকেই রাজ্যে গুন্ডাদমন আইনের একটি অংশ কার্যকর হয়েছে। সরকারি সম্পত্তি নষ্ট করলে ক্ষতিপূরণ আদায়ের পাশাপাশি পুলিশের উপর হামলার ঘটনায়ও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

মুখ্যমন্ত্রী জানান, সরকারি সম্পত্তি ভাঙচুর বা নষ্ট করা হলে ক্ষতির পরিমাণের তিন গুণ পর্যন্ত টাকা আদায় করা হতে পারে। সেই অর্থের সঙ্গে সুদও যুক্ত হবে। অর্থাৎ সরকারি সম্পত্তির ক্ষতি করে পার পাওয়ার সুযোগ থাকবে না বলেই স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।

গুন্ডাদমন আইন নিয়ে বিধানসভায় ইতিমধ্যেই বিল পাশ হয়েছে। জুলাই মাসের শুরুতে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশাল অ্যাক্টিভিটিজ বিল, ২০২৬’ পাশ করা হয়। পাশাপাশি জনশৃঙ্খলা সংক্রান্ত পুরনো আইনেরও সংশোধন করা হয়েছে। নতুন ব্যবস্থায় গুন্ডামি ও সমাজবিরোধী কার্যকলাপ ঠেকাতে পুলিশ-প্রশাসনের ক্ষমতা আরও বাড়ানোর কথা বলা হয়েছে।

মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্ত হাতে নিয়ন্ত্রণ করতেই এই পদক্ষেপ। সরকারি সম্পত্তি ভাঙচুর, পুলিশের উপর হামলা কিংবা সমাজবিরোধী কার্যকলাপের ক্ষেত্রে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে।

সাংবাদিক বৈঠকে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়েও বার্তা দেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার কথা জানান তিনি। তাঁর দাবি, যোগ্য আবেদনকারীদের দ্রুত নাগরিকত্বের শংসাপত্র দেওয়ার ব্যবস্থা করা হবে।

এর পাশাপাশি অন্নপূর্ণা যোজনা নিয়েও নিজের সরকারের অবস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, সাধারণ মানুষের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে।

গুন্ডাদমন আইন কার্যকরের ফলে সরকারি সম্পত্তি রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন কতটা কড়া পদক্ষেপ করে, এখন সেটাই নজরে। একই সঙ্গে নতুন আইনের প্রয়োগে সাধারণ মানুষের অধিকার যাতে ক্ষুণ্ণ না হয়, সে বিষয়েও প্রশাসনকে সতর্ক থাকতে হবে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞদের একাংশ।

Related posts

Leave a Comment