আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছোড়ার অভিযোগ
হাওড়া: হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ এবং তৃণমূল নেতা শ্যামল মিত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাঁকে হাওড়া আদালতে পেশ করা হলে আদালত চত্বরে উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, কয়েক জন ব্যক্তি তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়েন এবং মারধরের চেষ্টাও করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিউটাউন এলাকা থেকে শ্যামলকে গ্রেপ্তার করা হয়। রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তোলাবাজি, ভয় দেখানো, মারধর এবং রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় তাঁর নাম উঠে এসেছে বলে দাবি পুলিশের।
পুলিশের দাবি, গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের দিন হাওড়া ময়দানের দিকে একটি মিছিল যাচ্ছিল। সেই মিছিলে কয়েকশো মানুষ অংশ নিয়েছিলেন। অভিযোগ, প্রশাসনিক অনুমতি ছাড়া মিছিল করা হচ্ছিল এবং নির্বাচনী আদর্শবিধি লঙ্ঘন করা হয়েছিল।

মিছিল আটকাতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে পুলিশের দাবি। অভিযোগ, পুলিশকর্মীদের উপর হামলা চালানো হয় এবং কয়েক জন জখম হন। সেই ঘটনায় শ্যামলের বিরুদ্ধে মামলাও দায়ের হয়।
অন্য দিকে, বিজেপি কর্মী শুভজিৎ চট্টোপাধ্যায়ের অভিযোগ, এপ্রিল মাসে শিবপুরের একটি দলীয় কার্যালয়ের সামনে সভা চলাকালীন শ্যামল ও তাঁর সহযোগীরা হামলা চালান। আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো এবং টাকা কেড়ে নেওয়ার অভিযোগও তোলা হয়েছে।
এই সমস্ত অভিযোগের ভিত্তিতেই তদন্ত এগোচ্ছে বলে পুলিশ জানিয়েছে। তবে অভিযোগের বিষয়ে শ্যামল মিত্রের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

শনিবার আদালতে তোলার সময় ঘটে যাওয়া ডিম ছোড়ার ঘটনায় নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। পুলিশের সামনেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ ওঠায় আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
তদন্তকারীরা এখন একাধিক মামলা এবং অভিযোগের মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন। পুলিশের বক্তব্য, সমস্ত তথ্য ও প্রমাণ যাচাই করেই পরবর্তী পদক্ষেপ করা হবে।
