32.7 C
Kolkata
August 11, 2026
রাজ্য

পশ্চিমবঙ্গের SIR নিয়ে সুপ্রিম কোর্টের উদ্বেগ, ‘এ ভাবে চললে পরের ভোটও এসে যাবে’

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-এ বাদ পড়া ভোটারদের আবেদনের নিষ্পত্তির গতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার কংগ্রেস নেতা অধীর চৌধুরীর করা মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত মন্তব্য করেন, এ ভাবে চলতে থাকলে পরের নির্বাচন চলে আসার আগেও হয়তো আবেদনগুলির নিষ্পত্তি হবে না|

SIR প্রক্রিয়ায় বাদ পড়া ভোটারদের আপিল শুনতে সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে ট্রাইবুনাল গঠন করা হয়েছিল। বর্তমানে ২৪টি জেলায় ১৮টি ট্রাইবুনালে সেই আবেদনগুলির শুনানি চলছে। অধীর চৌধুরীর দাবি, মুর্শিদাবাদ ও মালদহে আবেদনকারীর সংখ্যা তুলনামূলক বেশি হওয়ায় সেখানে অতিরিক্ত ট্রাইবুনাল তৈরি করা প্রয়োজন।

মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে মামলাটির শুনানি হয়। অধীরের আইনজীবী ফিরদৌস শামিম আদালতে ট্রাইবুনালের আবেদন এবং নিষ্পত্তির পরিসংখ্যান তুলে ধরেন। সেই তথ্যের ভিত্তিতে নির্বাচন কমিশনকে নোটিস দিয়েছে শীর্ষ আদালত।

বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, শুধু কতগুলি আবেদন ট্রাইবুনালে জমা পড়েছে, তা দেখলেই হবে না। কতগুলি আবেদনের নিষ্পত্তি হয়েছে, সেটিও স্পষ্ট হওয়া প্রয়োজন। মামলার সংখ্যা বেশি হলে এবং নিষ্পত্তির গতি কম থাকলে অতিরিক্ত ট্রাইবুনাল গঠনের বিষয়টি বিবেচনা করা উচিত বলেও পরামর্শ দেন তিনি।

প্রধান বিচারপতি সূর্য কান্তের পর্যবেক্ষণ, “কাজ দ্রুত না হলে তো পরের ভোট চলে আসবে!” কমিশনের উদ্দেশে তিনি আরও বলেন, শুধু কাজ হচ্ছে বলে জানালেই হবে না, ট্রাইবুনালে বাস্তবে কী হচ্ছে, আদালতকেও তা দেখতে হবে। কারণ, এই ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টই।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের SIR মামলায় ভোটার তালিকায় নাম রাখা বা বাদ দেওয়ার বিষয়ে নিরপেক্ষ সিদ্ধান্তের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। প্রথমে মোট ২০টি ট্রাইবুনাল তৈরি হয়েছিল। পরে দু’জন অবসরপ্রাপ্ত বিচারপতি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোয় বর্তমানে ১৮টি ট্রাইবুনালে কাজ চলছে।

সূত্র অনুযায়ী, SIR-এ বাদ পড়া প্রায় ৯১ লক্ষ মানুষের মধ্যে প্রায় ২৭ লক্ষ আবেদনকারী ট্রাইবুনালের দ্বারস্থ হয়েছেন। প্রথম দিকে আবেদনের নিষ্পত্তির পরিসংখ্যান প্রকাশ করা হলেও বর্তমানে সঠিক তথ্য কমিশনের কাছেও নেই বলে আদালতে উঠে আসে।

নির্বাচন কমিশনের আইনজীবী দামা শেষাদ্রি নায়ডু জানান, ট্রাইবুনালের কাঠামো পরিবর্তন নিয়ে সুপ্রিম কোর্ট কোনও নির্দেশ দিলে কমিশন সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। বিচারপতি বাগচী অনলাইনে তথ্য আপডেট করা এবং আধুনিক প্রযুক্তির সাহায্যে আবেদনের দ্রুত নিষ্পত্তির সম্ভাবনাও খতিয়ে দেখার পরামর্শ দেন।


এ দিকে, SIR-এ নাম বাদ পড়ায় বেশ কিছু মানুষ রেশন পরিষেবা থেকেও বঞ্চিত হচ্ছেন বলে আদালতে জানানো হয়। তবে প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, রেশন সংক্রান্ত বিষয়টি আলাদা এবং প্রয়োজন হলে ওই বিষয়ে হাই কোর্টে আবেদন করা যেতে পারে।

মামলার পরবর্তী শুনানি ২৫ অগস্ট। ওই দিন SIR সংক্রান্ত আরও কয়েকটি মামলারও শুনানি হওয়ার কথা রয়েছে।

Related posts

Leave a Comment