July 29, 2026
রাজ্য

সরকারি স্কুলে স্মার্ট ক্লাস, ভিডিও টিউটোরিয়াল ও এআই শিক্ষা— বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

কলকাতা: রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে শিক্ষার মানোন্নয়নে একাধিক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ৮০,৩৭৫টি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়কে ২৯৫ কোটি টাকার কম্পোজিট স্কুল গ্র্যান্ট প্রদান অনুষ্ঠানে তিনি জানান, পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে ধাপে ধাপে স্মার্ট ক্লাস, ভিডিও টিউটোরিয়াল, ডিজিটাল শিক্ষাব্যবস্থা এবং আধুনিক পরিকাঠামো গড়ে তোলা হবে।

মুখ্যমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গ শিক্ষা পোর্টাল এবং পিএম ই-বিদ্যা (PM eVidya) চ্যানেলের মাধ্যমে উচ্চমানের অডিও-ভিজুয়াল শিক্ষাসামগ্রী শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি উচ্চশিক্ষায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI), মেশিন লার্নিং (ML) এবং ডেটা সায়েন্স-এর মতো আধুনিক বিষয় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী বলেন, “পশ্চিমবঙ্গ জাতীয় শিক্ষা নীতিতে (NEP) যুক্ত হবে। এর ফলে কেন্দ্রীয় সরকারের অনুদানও রাজ্য পাবে।”


তিনি আরও জানান, ১,২০০-র বেশি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে ডিজিটাল শিক্ষা সহায়িকা ও ইন্টারঅ্যাকটিভ লার্নিং প্রযুক্তি পৌঁছে দেওয়া হবে। বিশেষ গুরুত্ব দেওয়া হবে গ্রামীণ ও প্রত্যন্ত এলাকার স্কুলগুলিকে। এছাড়া ১,০০০টি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে অটল টিঙ্কারিং ল্যাব স্থাপনের অনুমতি দেওয়া হচ্ছে এবং রাজ্যে আরও পিএম শ্রী (PM SHRI) স্কুল গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের আমলে রাজ্যের সরকারি স্কুলগুলিতে শিক্ষার মান কমে গিয়েছিল। তাঁর বক্তব্য, “আগের সরকার শিক্ষাকে পণ্য হিসেবে ব্যবহার করেছে। নতুন সরকার কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে কাজ করছে।”

তিনি জানান, উচ্চশিক্ষা বিভাগকে পৃথক করা হয়েছে এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয় রেখে শিক্ষার আধুনিকীকরণই বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।

Related posts

Leave a Comment