প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা কীর্তনশিল্পী অদিতি মুন্সির রাজারহাট-গোপালপুরের দলীয় কার্যালয় থেকে ত্রাণসামগ্রী উদ্ধারের অভিযোগ ঘিরে বৃহস্পতিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির উপস্থিতিতে ওই কার্যালয়ে তল্লাশি চালানো হয়। পরে ঘটনাস্থলে পৌঁছায় বাগুইআটি থানার পুলিশ।
বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির দাবি, দলীয় কার্যালয়ের একাধিক ঘর থেকে ত্রিপল, শাড়ি, ধুতি-সহ বিভিন্ন সরকারি সামগ্রী উদ্ধার হয়েছে। তাঁর অভিযোগ, সাধারণ মানুষের জন্য বরাদ্দ ত্রাণসামগ্রী বিতরণ না করে দলীয় অফিসে মজুত করে রাখা হয়েছিল। আরও অনেক সামগ্রী আগে থেকেই সরিয়ে ফেলা হয়েছে বলেও দাবি করেন তিনি।
এই ঘটনায় অদিতি মুন্সি এবং তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি বিধায়ক। তাঁর আরও অভিযোগ, তল্লাশির সময় ওই কার্যালয় থেকে নেশাজাতীয় সামগ্রীও উদ্ধার হয়েছে।
এদিকে, বাগুইআটির ৪৪ নম্বর বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ে তল্লাশির পর বিধাননগরের ১৮ নম্বর ওয়ার্ডের পুরপিতা দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ ইন্দ্রনাথ বাগুইয়ের অফিসেও তল্লাশি চালানো হয়। সেখানে দলিলপত্র, বালতি এবং অস্ত্র উদ্ধারের অভিযোগ উঠেছে। পুলিশ ওই সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করেছে বলে জানা গিয়েছে।
ঘটনার পর এলাকায় রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে। যদিও অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূলের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
