নয়াদিল্লি: প্রশ্নফাঁস ও পরীক্ষায় অনিয়ম রুখতে বড় পদক্ষেপ কেন্দ্রের। বুধবার (২৯ জুলাই) লোকসভায় পাস হয়েছে পাবলিক এক্সামিনেশনস (সংশোধনী) বিল। সংশোধিত আইনে প্রশ্নফাঁস বা সংঘবদ্ধ পরীক্ষা জালিয়াতির সঙ্গে জড়িতদের জন্য সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং ₹৫০ লক্ষ পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। এখন বিলটি রাজ্যসভার অনুমোদনের অপেক্ষায়।
গত ২৭ জুলাই কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং লোকসভায় বিলটি পেশ করেন। নিট প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে ছাত্র আন্দোলন এবং সেই প্রেক্ষাপটে প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর পরীক্ষা ব্যবস্থাকে আরও কঠোর ও স্বচ্ছ করতে এই সংশোধনী আনা হয়েছে।
ধবার বিল নিয়ে আলোচনার সময় লোকসভায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। বিরোধী দলনেতা রাহুল গান্ধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করেন। তাঁর এই মন্তব্যকে ঘিরে সরকার ও বিরোধী সদস্যদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় বিরোধী সদস্যদের স্লোগান ও হট্টগোলের মধ্যেই কণ্ঠভোটে বিলটি পাস হয়। কেন্দ্রের দাবি, নতুন সংশোধনী কার্যকর হলে প্রশ্নফাঁস এবং পরীক্ষা জালিয়াতির বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে এবং সরকারি পরীক্ষার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বাড়বে।
