July 29, 2026
দেশ

মোদীকে নিয়ে আপত্তিকর পোস্টে কড়া পদক্ষেপ, এক্স-সহ একাধিক প্ল্যাটফর্মকে নোটিস দিল দিল্লি পুলিশ

নয়াদিল্লি: নিট (NEET) আন্দোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে করা আপত্তিকর পোস্ট ও ভিডিও ঘিরে কড়া পদক্ষেপ শুরু করেছে দিল্লি পুলিশ। এক্স (সাবেক টুইটার)-সহ একাধিক সমাজমাধ্যম প্ল্যাটফর্ম এবং কয়েকটি নিউজ পোর্টালকে নোটিস পাঠানো হয়েছে। পাশাপাশি একটি অভিযোগের ভিত্তিতে এফআইআরও দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগে বলা হয়েছে যে প্রধানমন্ত্রীকে নিয়ে অসম্মানজনক ও আপত্তিকর পোস্ট এবং ভিডিও এখনও বিভিন্ন সমাজমাধ্যমে ছড়িয়ে রয়েছে। সেই কারণেই সংশ্লিষ্ট পোস্ট দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

এক্স-কে পাঠানো নোটিসে শুধুমাত্র পোস্ট অপসারণের নির্দেশই নয়, যেসব অ্যাকাউন্ট থেকে ওই পোস্টগুলি করা হয়েছে, তাদের বিস্তারিত তথ্যও চাওয়া হয়েছে। অ্যাকাউন্টধারীদের নাম, ঠিকানা, লগইন ও লগআউট সংক্রান্ত তথ্য দিল্লি পুলিশের কাছে জমা দিতে বলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্ট, ভিডিও ও মন্তব্য খতিয়ে দেখা হচ্ছে। কোন কোন অ্যাকাউন্টকে নোটিস পাঠানো হয়েছে, সেই সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি।

প্রসঙ্গত, যন্তর মন্তরে নিট আন্দোলনের সময় প্রধানমন্ত্রী ও কেন্দ্র সরকারকে লক্ষ্য করে নানা স্লোগান, ব্যঙ্গাত্মক পোস্টার এবং মিম ছড়িয়ে পড়েছিল। সেই বিষয়বস্তুগুলির মধ্যে যেগুলিকে আপত্তিকর বলে মনে করা হয়েছে, সেগুলি চিহ্নিত করে অপসারণের প্রক্রিয়া শুরু করেছে দিল্লি পুলিশ।

এর আগে দিল্লি পুলিশ দাবি করেছিল, নিট আন্দোলনকে ঘিরে পাকিস্তান-সংযুক্ত প্রায় ৪০০টি সমাজমাধ্যম হ্যান্ডল বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করছিল। সম্প্রতি ‘সংসদ চলো’ কর্মসূচিকে কেন্দ্র করেও প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট সরানোর নির্দেশ দিয়েছিল পুলিশ। তদন্তকারীদের দাবি, এখনও এই ধরনের পোস্ট শনাক্ত করার কাজ চলছে এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলিকে ব্যবস্থা নিতে বলা হচ্ছে।

Related posts

Leave a Comment