নয়াদিল্লি: কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের রূপরেখা তৈরি করতে কৃষক নেতা রাকেশ টিকায়েতের সঙ্গে বৈঠক করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কৃষক, ছাত্রছাত্রী এবং তরুণ প্রজন্মকে এক মঞ্চে এনে বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের উপর চাপ বাড়ানোর কৌশল নিয়েই এই বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে।
মঙ্গলবার ভারতীয় কিসান ইউনিয়ন (বিকেইউ)-এর নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর সিজেপি-র অন্যতম মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, দেশের কৃষক, ছাত্রছাত্রী এবং যুবসমাজকে একত্রিত করে কেন্দ্রের নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে চান তাঁরা।
সূত্রের খবর, বৈঠকে নিট (NEET) আন্দোলনের পরবর্তী পরিস্থিতি, আন্দোলনকারীদের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে দায়ের হওয়া এফআইআর এবং গ্রেফতারির বিষয়েও আলোচনা হয়েছে। পশ্চিমবঙ্গ, বিহার, অসম-সহ একাধিক রাজ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের অভিযোগ তুলে কৃষক সংগঠনের সমর্থন চেয়েছে সিজেপি।
প্রসঙ্গত, নিট প্রশ্নফাঁস ও শিক্ষায় দুর্নীতির অভিযোগে দীর্ঘ আন্দোলনের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছিলেন। সেই আন্দোলনে আন্দোলনকারীদের অন্যতম দাবি ছিল মন্ত্রীর ইস্তফা, আত্মঘাতী পড়ুয়াদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা।
সিজেপি-র অভিযোগ, সরকারের পক্ষ থেকে সব প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। এখনও বিভিন্ন রাজ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতার চলছে। সেই কারণেই আন্দোলনকে আরও বিস্তৃত করতে কৃষক সংগঠনগুলির সঙ্গে যৌথভাবে কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করা হচ্ছে।
দিল্লির কৃষক আন্দোলনের সময়ও রাকেশ টিকায়েত একাধিকবার ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছিলেন। সেই অভিজ্ঞতাকে সামনে রেখেই এবার বৃহত্তর বিরোধী মঞ্চ গঠনের উদ্যোগ নিয়েছে সিজেপি।
