July 21, 2026
রাজ্য

বাংলা বাধ্যতামূলক ঘোষণার পর নেপালি ভাষার দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি বিমল গুরুংয়ের

সংবাদ কলকাতা — রাজ্য সরকারের সরকারি দপ্তরে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত ঘোষণার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-কে গুরুত্বপূর্ণ চিঠি দিলেন গোর্খা জনমুক্তি মোর্চার (Gorkha Janmukti Morcha) সভাপতি বিমল গুরুং (Bimal Gurung)। তিনি দার্জিলিং (Darjeeling), তরাই (Terai) এবং ডুয়ার্স (Dooars) অঞ্চলে বাংলার পাশাপাশি নেপালি ভাষাতেও সরকারি ফর্ম, আবেদনপত্র এবং সরকারি পত্রালাপ চালুর আবেদন জানিয়েছেন।

ঠিতে বিমল গুরুং জানান, নেপালি (Nepali Language) ভারতের সংবিধানের অষ্টম তফসিলভুক্ত স্বীকৃত ভাষা এবং দার্জিলিং, তরাই ও ডুয়ার্স অঞ্চলের বিপুল সংখ্যক মানুষের মাতৃভাষা। তাই ওই অঞ্চলের বাস্তব পরিস্থিতি বিবেচনা করে সরকারি পরিষেবায় নেপালি ভাষার ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন।

তিনি আরও বলেন, বহু মানুষ বাংলা ভাষায় সম্পূর্ণ স্বচ্ছন্দ নন। ফলে সরকারি নথিপত্র শুধুমাত্র বাংলায় থাকলে সাধারণ মানুষের প্রশাসনিক পরিষেবা গ্রহণে সমস্যা হতে পারে। বাংলার পাশাপাশি নেপালি ভাষায় সরকারি নথি থাকলে প্রশাসন ও নাগরিকদের মধ্যে যোগাযোগ আরও সহজ ও কার্যকর হবে।

চিঠিতে তিনি রাজ্য সরকারের কাছে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারি করার আবেদন জানিয়েছেন, যাতে দার্জিলিং পাহাড়, তরাই এবং ডুয়ার্সের সরকারি দপ্তরে বাংলার পাশাপাশি নেপালি ভাষায় সরকারি ফর্ম, আবেদনপত্র এবং সরকারি যোগাযোগ চালু করা যায়।

প্রসঙ্গত, সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)-র পাঠানো একটি চিঠির পর রাজ্য সরকার সরকারি দপ্তরে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত ঘোষণা করে। তার পরেই বিমল গুরুংয়ের এই চিঠি ভাষানীতি ও প্রশাসনিক পরিষেবা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Related posts

Leave a Comment