July 14, 2026
দেশ

‘মন্নত’-এর সম্প্রসারণে স্থগিতাদেশ নয়, শাহরুখের পক্ষেই সুপ্রিম কোর্টের রায়

দিল্লি — বলিউড অভিনেতা শাহরুখ খানের মুম্বাইয়ের সমুদ্রতীরবর্তী বাসভবন ‘মন্নত’-এর সম্প্রসারণের কাজে স্থগিতাদেশ দিতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট। দুটি নতুন আবাসিক তলা নির্মাণের জন্য দেওয়া পরিবেশগত ছাড়পত্রকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া আবেদন খারিজ করে দিয়েছে দেশের শীর্ষ আদালত। ফলে আপাতত নির্মাণকাজে কোনও আইনি বাধা রইল না।

প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহনার বেঞ্চে মামলার শুনানি হয়। আদালত জানায়, জাতীয় পরিবেশ আদালতের পশ্চিমাঞ্চল বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল, তাতে হস্তক্ষেপ করার মতো কোনও কারণ তারা খুঁজে পায়নি।

মুম্বাইয়ের সমাজকর্মী সন্তোষ দৌন্ডকর পরিবেশগত ছাড়পত্রের বৈধতা নিয়ে আপত্তি জানিয়ে আবেদন করেছিলেন। তাঁর আইনজীবী শোয়েব আলম আদালতে বলেন, শাহরুখ খানের পরিচিতি নয়, শুধুমাত্র আইনি দিক থেকেই মামলাটি বিবেচনা করা উচিত। তবে বিচারপতি জয়মাল্য বাগচী স্পষ্ট করে দেন, ‘এই মামলায় শাহরুখ খানের পরিচিতির কোনও প্রভাব আমাদের সিদ্ধান্তে পড়েনি।’

শুনানির সময় প্রধান বিচারপতি মন্তব্য করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যেই দেখেছে যে প্রকল্পটি মূলত প্রচলিত আইন মেনেই এগিয়েছে। প্রয়োজনীয় অনুমতি নিয়ে কেউ যদি নিজের আবাসনে অতিরিক্ত তলা নির্মাণ করতে চান, তাতে অন্য কারও হস্তক্ষেপের কারণ নেই বলেও পর্যবেক্ষণ করেন তিনি।

আদালত আবেদনকারীর উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলে। যদিও আবেদনকারীর পক্ষের আইনজীবী দাবি করেন, জাতীয় পরিবেশ আদালতও কখনও আবেদনকারীর সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলেনি এবং বিষয়টি পুনর্বিবেচনার জন্য ফের ট্রাইব্যুনালে পাঠানোর আবেদন জানান। তবে সেই যুক্তিতে সন্তুষ্ট হয়নি সুপ্রিম কোর্ট এবং শেষ পর্যন্ত আবেদন খারিজ করে দেয়।

Related posts

Leave a Comment