July 14, 2026
রাজ্য

তারকেশ্বরে শ্রাবণী মেলায় জাতীয় মর্যাদা, তোষণের রাজনীতিতে তোপ শুভেন্দুর

তারকেশ্বর — শ্রাবণী মেলার উদ্বোধন মঞ্চ থেকে পূর্বতন তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, আগের সরকার ভোটব্যাঙ্কের রাজনীতিতে ব্যস্ত থাকায় দীর্ঘদিন অবহেলিত ছিল তারকেশ্বর। এ বার বিজেপি সরকার শ্রাবণী মেলাকে জাতীয় উৎসবের মর্যাদা দিয়ে নতুন রূপে সাজানোর উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।

মঙ্গলবার তারকেশ্বরে শ্রাবণী মেলার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, ‘জমিদার প্রথা উঠে গিয়েছে। এখন লোকধর্ম পালন করতে হয়। সেই কাজে সরকারের দু’টি চোখই খোলা থাকা উচিত। কিন্তু পূর্বতন সরকার এক চোখ বন্ধ রেখে তোষণের রাজনীতি করেছে। তারকেশ্বরকে গুরুত্ব দেওয়া হয়নি।’

শুভেন্দু জানান, আগামী ১৮ জুলাই থেকে শুরু হওয়া শ্রাবণী মেলায় লক্ষ লক্ষ শিবভক্তের নিরাপত্তা ও সুবিধার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। শ্যাওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত বিভিন্ন স্থানে সরকারি সেবাকেন্দ্র, পানীয় জল, ওআরএস, চিকিৎসা ও বিশ্রামের ব্যবস্থা থাকবে। নিরাপত্তার দায়িত্বে থাকবে অতিরিক্ত পুলিশ বাহিনী।

মুখ্যমন্ত্রী আরও বলেন, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকার যেভাবে কাঁভারযাত্রীদের সম্মান জানায়, সেখান থেকে অনুপ্রাণিত হয়েই এ বছর আবহাওয়া অনুকূলে থাকলে হেলিকপ্টার থেকে ভক্তদের উপর পুষ্পবৃষ্টির পরিকল্পনা করা হয়েছে।

তারকেশ্বর মন্দিরের উন্নয়ন নিয়েও বড় বার্তা দেন শুভেন্দু। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে কাশী বিশ্বনাথ ও উজ্জয়িনীর মহাকাল মন্দির যেমন নতুন রূপ পেয়েছে, তেমনভাবেই ভবিষ্যতে তারকেশ্বর মন্দিরকেও আধুনিক পরিকাঠামো ও উন্নয়নের মাধ্যমে সাজিয়ে তোলা হবে।

Related posts

Leave a Comment