July 14, 2026
কলকাতা

আজ মহাকাশে পাড়ি অনিল মেননের, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকবেন টানা আট মাস

কলকাতা — ভারতীয় বংশোদ্ভূত নভশ্চর অনিল মেনন আজ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে যাত্রা শুরু করতে চলেছেন। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার এই বিজ্ঞানী কাজাখস্তানের বৈকোনুর কসমোড্রোম থেকে রাশিয়ার সয়ুজ এমএস-২৯ মহাকাশযানে চেপে মহাকাশে রওনা দেবেন। সফল উৎক্ষেপণের পর টানা প্রায় আট মাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থেকে বৈজ্ঞানিক গবেষণায় অংশ নেবেন তিনি।

অনিল মেননের মহাকাশযাত্রা ঘিরে ভারতজুড়ে উৎসাহ তৈরি হয়েছে। তাঁর পারিবারিক শিকড় কেরলে। আমেরিকার মিনেসোটার মিনিয়াপলিসে জন্ম হলেও বাবা ভারতীয় এবং মা ইউক্রেনীয়। চিকিৎসক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং প্রশিক্ষিত নভশ্চর— তিন ক্ষেত্রেই সমান দক্ষ অনিল।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে নিউরোবায়োলজিতে ডিগ্রি অর্জনের পর ইউনিভার্সিটি অফ টেক্সাস মেডিক্যাল ব্রাঞ্চে এয়ারোস্পেস মেডিসিন নিয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করেন তিনি। পাশাপাশি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও নিউরোবায়োলজিতেও উচ্চতর ডিগ্রি রয়েছে তাঁর।

এই অভিযানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ফ্লাইট ইঞ্জিনিয়ারের দায়িত্ব পালন করবেন অনিল মেনন। নাসার তথ্য অনুযায়ী, উৎক্ষেপণের কয়েক ঘণ্টার মধ্যেই সয়ুজ মহাকাশযানটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের প্রিচাল মডিউলের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে। তাঁর সঙ্গে এই অভিযানে রয়েছেন রাশিয়ার নভশ্চর পিওতর দুব্রভ এবং আন্না কিকিনা। দুই রুশ নভশ্চরের এটি দ্বিতীয় মহাকাশযাত্রা হলেও অনিল মেননের এটি প্রথম মহাকাশ অভিযান।

সুনীতা উইলিয়ামসের পর আরও এক ভারতীয় বংশোদ্ভূত নভশ্চরের এই মহাকাশযাত্রাকে ভারতের বিজ্ঞান ও মহাকাশ গবেষণার ক্ষেত্রে গর্বের মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।

Related posts

Leave a Comment