July 14, 2026
কলকাতা

১২৫ দিনের কাজে মজুরি বাড়ল, মিলল এক লক্ষ বাড়ির অনুমোদন

কলকাতা — কেন্দ্র ও রাজ্য সরকারের সমন্বয়ে গ্রামীণ উন্নয়ন এবং পরিকাঠামো প্রকল্পে নতুন গতি আনতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর তিনি জানান, দীর্ঘদিন ধরে আটকে থাকা পরিকাঠামো প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে চলছে। পাশাপাশি ‘জিরামজি’ নামে নতুন ১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্পে শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি এবং প্রধানমন্ত্রী আবাস যোজনায় এক লক্ষ নতুন বাড়ির অনুমোদনের কথাও ঘোষণা করা হয়েছে।

শিবরাজ সিংহ চৌহানের দাবি, পূর্বতন তৃণমূল সরকারের আমলে রেল, সড়ক, জাতীয় মহাসড়ক, মেট্রো-সহ প্রায় ৮২ হাজার ৪৯২ কোটি টাকার পরিকাঠামো প্রকল্প দীর্ঘদিন আটকে ছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সেই প্রকল্পগুলির কাজ দ্রুত এগোতে শুরু করেছে বলে তিনি জানান।

নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষ, কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল এবং প্রতিমন্ত্রী অশোক দিন্দা উপস্থিত ছিলেন। বৈঠকে কৃষি, গ্রামীণ কর্মসংস্থান এবং আবাস যোজনা-সহ একাধিক বিষয়ে আলোচনা হয়।

কেন্দ্রীয় কৃষিমন্ত্রী জানান, নতুন ১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্পে অদক্ষ শ্রমিকদের দৈনিক ন্যূনতম মজুরি ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আধাদক্ষ শ্রমিকেরা পাবেন ৪৫০ টাকা এবং দক্ষ শ্রমিকদের জন্য দৈনিক মজুরি ধার্য হয়েছে ৬০০ টাকা। বর্তমানে পশ্চিমবঙ্গ-সহ ২১টি রাজ্যে অদক্ষ শ্রমিকদের জন্য ৩০০ টাকার ন্যূনতম মজুরি কার্যকর করা হয়েছে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগে কাজ ব্যাহত হলে অতিরিক্ত ৫০ দিন কাজের সুযোগ দেওয়ারও ঘোষণা করা হয়েছে।

প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, কেন্দ্র রাজ্যের অনুরোধ মেনে আবাস যোজনার উপভোক্তাদের তালিকা তৈরির সময়সীমা বাড়িয়েছে। আগে ২০ জুলাই পর্যন্ত সময় থাকলেও তা বাড়িয়ে ১৫ আগস্ট পর্যন্ত করা হয়েছে। একই সঙ্গে রাজ্যের জন্য এক লক্ষ নতুন বাড়ির অনুমোদনও দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী আরও জানান, ইতিমধ্যেই ১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্পের জন্য ২ কোটি ৫৬ লক্ষ জব কার্ডধারীকে চিহ্নিত করা হয়েছে। যাঁরা এখনও আবেদন করেননি, তাঁদের আবেদনও দ্রুত বিবেচনা করে অনুমোদনের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।

Related posts

Leave a Comment