কলকাতা — রাজ্যে পালাবদলের পর শহরের বড় দুর্গাপুজোগুলির পরিচালন সমিতিতে বিজেপি নেতাদের ভূমিকা নিয়ে জোর জল্পনার মধ্যেই দলের অবস্থান স্পষ্ট করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি জানিয়ে দিলেন, কলেজ স্কোয়্যার দুর্গাপুজোর সভাপতি তিনি হচ্ছেন না। শুধু কলেজ স্কোয়্যার নয়, রাজ্যের কোনও দুর্গাপুজো কমিটির সভাপতির দায়িত্ব বা পরিচালনার দায়িত্বও তিনি গ্রহণ করবেন না। একই সঙ্গে বিজেপির সাংসদ, বিধায়ক ও নেতাদের উদ্দেশেও স্পষ্ট বার্তা দিলেন— দুর্গাপুজোকে রাজনৈতিক দখলদারির হাতিয়ার করা হবে না।
পূর্ববর্তী সরকারের আমলে রাজ্যের বহু দুর্গাপুজো কমিটির সঙ্গে রাজনৈতিক নেতাদের নাম জড়িয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল। সেই প্রেক্ষাপটে সমাজমাধ্যমে শমীক ভট্টাচার্য লিখেছেন, দুর্গাপুজো মানুষের উৎসব, কোনও রাজনৈতিক দলের নয়। তিনি জানান, কলেজ স্কোয়্যার পুজো কমিটির পক্ষ থেকে সভাপতির দায়িত্ব নেওয়ার অনুরোধ এলেও তিনি তা গ্রহণ করেননি। তবে খুঁটি পুজোর আমন্ত্রণ তিনি গ্রহণ করেছেন এবং আগামী বৃহস্পতিবার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
শমীক ভট্টাচার্য বলেন, মানুষের সেবার দায়িত্ব ছেড়ে পুজো কমিটির পদে বসা তাঁর উদ্দেশ্য নয়। বিজেপি কোনও ক্লাব বা পুজো কমিটি দখলের রাজনীতিতে বিশ্বাস করে না। তিনি আরও স্পষ্ট করেন, কোনও বিধায়ক বা মন্ত্রী নিজের এলাকার কোনও পুজো কমিটির দায়িত্ব নিলে তা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে। কিন্তু সেই উদাহরণ দেখিয়ে একের পর এক পুজো কমিটির দায়িত্ব রাজনৈতিক ব্যক্তিত্বদের হাতে তুলে নেওয়া উচিত নয়।
রাজ্যের দুর্গাপুজোগুলির সর্বজনীন চরিত্র বজায় রাখার ওপর জোর দিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, উৎসবের আনন্দ মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশে পুজোর ঐতিহ্য ও স্বাতন্ত্র বজায় রাখাই দলের নীতি।
উল্লেখ্য, সম্প্রতি কলকাতার সুরুচি সঙ্ঘে সাংগঠনিক পরিবর্তনের পর কলেজ স্কোয়্যার দুর্গাপুজোর সভাপতির পদে শমীক ভট্টাচার্যের নাম নিয়ে জল্পনা শুরু হয়েছিল। সেই জল্পনার অবসান ঘটিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, বিজেপি দুর্গাপুজোকে রাজনৈতিক মঞ্চে পরিণত করতে চায় না এবং রাজ্যের কোনও পুজো কমিটির দায়িত্বও তিনি গ্রহণ করছেন না।
