28 C
Kolkata
October 21, 2026
রাজ্য

স্ট্যাম্প পেপারের সংকট ও পুলিশি অপব্যবহার, হাইকোর্টে জনস্বার্থ মামলা

সংবাদ কলকাতা: রাজ্যে ১০ ও ২০ টাকার স্ট্যাম্প পেপারের তীব্র সংকট এবং তার অপব্যবহারের অভিযোগে সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন মামলাকারী। অভিযোগ উঠেছে, বাজার থেকে বেআইনিভাবে হাজার হাজার স্ট্যাম্প পেপার তুলে নিয়ে তা থানায় থানায় পাঠানো হচ্ছে এবং সেই স্ট্যাম্প পেপার ব্যবহার করে শাসকদলের নির্দিষ্ট একটি রাজনৈতিক গোষ্ঠীর হয়ে সাধারণ কর্মীদের কাছ থেকে জোরপূর্বক সই সংগ্রহ করা হচ্ছে। আজ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের বেঞ্চে এই জনস্বার্থ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

বিগত বেশ কিছুদিন ধরে রাজ্যজুড়ে স্ট্যাম্প পেপারের অভাব নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে ভেন্ডাররা নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। মামলাকারীর মূল অভিযোগ, প্রশাসনের অলিখিত নির্দেশেই অনুমোদিত ভেন্ডারদের কাছ থেকে ২৫ হাজারের বেশি স্ট্যাম্প পেপার বাজার থেকে তুলে নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশমতো দলীয় প্রতীক সংক্রান্ত আইনি প্রক্রিয়ার জন্য গণতান্ত্রিক তৃণমূল তথা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদের পক্ষে এই সই সংগ্রহের কাজ করা হচ্ছে বলে দাবি করা হয়েছে। সাধারণত স্ট্যাম্প পেপার সংগ্রহের ক্ষেত্রে নির্দিষ্ট আইনি নিয়ম ও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হলেও এক্ষেত্রে তা মানা হচ্ছে না বলে অভিযোগ। সংগৃহীত এই সমস্ত স্ট্যাম্প পেপার অবিলম্বে বাজেয়াপ্ত করার পাশাপাশি পুলিশকে এই ধরনের রাজনৈতিক কার্যকলাপে বিরত রাখার আর্জিও জানানো হয়েছে হাইকোর্টের কাছে। আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলায় কী রায় দেয়, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Related posts

Leave a Comment