কলকাতা— দীর্ঘদিন ধরেই কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর নিরাপত্তা নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছিল। বিজেপি সরকার গঠনের দু’মাসের মাথায় তাঁর নিরাপত্তার স্তরে পরিবর্তন আনা হয়েছে। এতদিন তিনি ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা পেতেন। এবার তা কমিয়ে ‘এক্স’ ক্যাটাগরিতে নামানো হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।
লোকসভার সাংসদ থাকাকালীন অধীররঞ্জন ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা পেতেন। তাঁর সঙ্গে পাঁচ জন নিরাপত্তারক্ষী মোতায়েন থাকতেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্র থেকে পরাজিত হওয়ার পর স্বাভাবিকভাবেই সাংসদ পদ হারান তিনি। সাধারণ নিয়ম অনুযায়ী সেই পরিস্থিতিতে নিরাপত্তার স্তরও পুনর্বিবেচনার কথা থাকলেও, দীর্ঘ সময় ধরে তাঁর ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা বহাল ছিল।
এই বিষয়টি নিয়ে তৎকালীন তৃণমূল নেতৃত্ব প্রশ্ন তুলেছিল। কালীঘাট তৃণমূলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, কোনও সাংবিধানিক পদে না থেকেও অধীররঞ্জনের উচ্চস্তরের নিরাপত্তা পাওয়া রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত দেয়। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন অধীররঞ্জন।
পরে বিধানসভা নির্বাচনের আগে তাঁর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছিল বলেও রাজনৈতিক মহলে আলোচনা হয়েছিল। সেই সিদ্ধান্ত নিয়েও বিতর্ক তৈরি হয়। তবে বিজেপি সরকার দায়িত্ব নেওয়ার পর নিরাপত্তা পুনর্মূল্যায়নের প্রক্রিয়ায় অধীররঞ্জনের নিরাপত্তা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
প্রশাসনিক সূত্রের দাবি, নিরাপত্তা ব্যবস্থা নিয়মিত মূল্যায়নের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও বিরোধী রাজনৈতিক মহলের একাংশের মতে, এই পদক্ষেপের নেপথ্যে রাজনৈতিক বার্তাও রয়েছে। ফলে নিরাপত্তা কমানোর সিদ্ধান্ত ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে।
