31.3 C
Kolkata
July 10, 2026
রাজ্য

ঋতব্রত শিবিরের নজরে রাজ্য কমিটি, আজই হতে পারে নতুন সভাপতিদের ঘোষণা

কলকাতা— তৃণমূলের সংগঠনের উপর নিজেদের দাবি আরও জোরালো করতে নতুন সাংগঠনিক কাঠামো গঠনের পথে এগোচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির। মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে নতুন ওয়ার্কিং কমিটি গঠনের পর এবার রাজ্য সভাপতি এবং জেলা সভাপতিদের নাম চূড়ান্ত করতে দু’দিনের বৈঠকে বসছে বিদ্রোহী শিবির।

গত মাসের ২২ তারিখ নিউ টাউনের একটি পাঁচতারা হোটেলে বৈঠক করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠী। সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়কে চেয়ারম্যান করা হয়। পাশাপাশি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান এবং সন্দীপন সাহাকে সাধারণ সম্পাদক এবং আখরুজ্জামান আনসারিকে কোষাধ্যক্ষ করা হয়। একই সঙ্গে গঠন করা হয় ৩০ সদস্যের ওয়ার্কিং কমিটি।

বিদ্রোহী শিবির দাবি করেছে, তারাই প্রকৃত তৃণমূল। সেই দাবির স্বপক্ষে জাতীয় নির্বাচন কমিশনের কাছেও প্রয়োজনীয় নথি জমা দেওয়া হয়েছে। অন্যদিকে কালীঘাটও নিজেদের অবস্থান জানিয়ে কমিশনের কাছে পাল্টা আবেদন করেছে। বিষয়টি বর্তমানে নির্বাচন কমিশনের বিবেচনাধীন।

এর মধ্যেই মেট্রোপলিটন এলাকায় অস্থায়ী তৃণমূল ভবনের দখল নিয়েছে ঋতব্রত শিবির। এবার সংগঠনকে তৃণমূল স্তরে শক্তিশালী করতে রাজ্য ও জেলা কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হচ্ছে।

তপসিয়ার বোটিং ক্লাব রিসর্টে অনুষ্ঠিত দু’দিনের বৈঠকে বিধায়কদের পাশাপাশি বিভিন্ন জেলার নেতা এবং বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা কয়েক জন প্রার্থীও উপস্থিত থাকবেন। সূত্রের খবর, সাংগঠনিক অভিজ্ঞতা ও রাজনৈতিক দক্ষতার ভিত্তিতে একাধিক নেতাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে।

নবনিযুক্ত চেয়ারম্যান অরূপ রায় জানিয়েছেন, ‘জাতীয় কর্মসমিতির বৈঠকে রাজ্য সভাপতি এবং জেলা সভাপতিদের নাম চূড়ান্ত করা হবে। সংগঠনকে আরও শক্তিশালী করাই এখন আমাদের প্রধান লক্ষ্য।’

রাজনৈতিক মহলের মতে, রাজ্য ও জেলা কমিটি গঠন করতে পারলে সংগঠনের উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ক্ষেত্রে ঋতব্রত শিবির আরও এক ধাপ এগিয়ে যাবে।

Related posts

Leave a Comment