কলকাতা— বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনার জেরে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের পাশে দাঁড়াতে উদ্যোগী হল প্রশাসন। শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বারুইপুর সফরের আগে ইন্দ্রজিতের বাড়ি পরিদর্শনে গেলেন প্রেসিডেন্সি রেঞ্জের আইসি কঙ্করপ্রসাদ বারুই। একই সঙ্গে পরিবারের জন্য সরকারি সহায়তা পৌঁছে দেওয়া এবং ভাঙাচোরা বাড়ি মেরামতির কাজও শুরু হয়েছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই স্পষ্ট জানিয়েছিলেন, গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডল নির্দোষ ছিলেন। তাঁর মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। ইতিমধ্যেই এই মামলায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্ত এখনও চলছে।
শনিবার মুখ্যমন্ত্রী আবার বারুইপুরে যাচ্ছেন। প্রশাসনিক সূত্রে খবর, নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার পাশাপাশি তিনি গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের বাড়িতেও যেতে পারেন। সেই সফরকে সামনে রেখে ইন্দ্রজিতের জীর্ণ বাড়ি সংস্কারের কাজ শুরু হয়েছে। নিরাপত্তার জন্য বাড়িতে সিসি ক্যামেরাও বসানো হয়েছে।
শুক্রবার ইন্দ্রজিতের পরিবারের হাতে সরকারি সাহায্যও তুলে দেওয়া হয়েছে। মৃতের মা অনিমা মণ্ডল জানান, প্রশাসনের পক্ষ থেকে চাল, ডাল, আলু, পোশাক-সহ প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁদের বাড়ি মেরামতির কাজও শুরু হয়েছে। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর উপর তাঁদের পূর্ণ আস্থা রয়েছে।
ইন্দ্রজিতের বাড়ির একাংশে টালির চাল এবং অন্য অংশে ঢালাই ছাদ রয়েছে। সকাল থেকেই রাজমিস্ত্রিরা সংস্কারের কাজে ব্যস্ত। ছেলে হারানোর শোকের মধ্যেও বৃদ্ধ বাবা অজিত মণ্ডল বলেন, ‘আমাদের আর কিছু চাওয়ার নেই। শুধু চাই, যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের উপযুক্ত শাস্তি হোক। মুখ্যমন্ত্রী আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা সরকারের উপর ভরসা রাখছি।’
প্রশাসনের এই উদ্যোগে পরিবার কিছুটা স্বস্তি পেলেও, গণপিটুনির ঘটনায় দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে অনড় রয়েছেন ইন্দ্রজিতের পরিবারের সদস্যরা।
