27.8 C
Kolkata
July 5, 2026
রাজ্য

মেসিকাণ্ডে ফের তলব অরূপ বিশ্বাসকে, ৭ জুলাই বিধাননগর দক্ষিণ থানায় হাজিরার নির্দেশ

মেসিকাণ্ডে আপাতত স্বস্তি মিলছে না প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের। তদন্তে অসন্তুষ্ট বিধাননগর দক্ষিণ থানার পুলিশ তাঁকে ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। আগামী ৭ জুলাই সকাল ১০টায় থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রাক্তন মন্ত্রীকে।

লিওনেল মেসির কলকাতা সফরকে ঘিরে টিকিট বণ্টন ও বিক্রিতে অনিয়মের অভিযোগে এই মামলা দায়ের করেন সফরের অন্যতম উদ্যোক্তা শতদ্রু দত্ত। তাঁর অভিযোগ, যুবভারতী ক্রীড়াঙ্গনের অনুষ্ঠানের জন্য মোট ৭০ হাজার টিকিট ছাপানো হলেও তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ২২ হাজার টিকিট নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন। পরে সেই টিকিটের একাংশ বেশি দামে বিক্রি করা হয়েছিল বলেও অভিযোগ করেছেন তিনি।

এই অভিযোগের ভিত্তিতে প্রথমে ৪ জুন অরূপ বিশ্বাসকে থানায় তলব করা হয়েছিল। তবে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়ান এবং অতিরিক্ত সময় চান। পরে ৮ জুন ফের হাজিরার নির্দেশ দেওয়া হলেও সেদিনও তিনি থানায় যাননি। পুলিশ জানিয়েছিল, অসুস্থতার দাবির সমর্থনে কোনও চিকিৎসা সংক্রান্ত নথিও জমা দেওয়া হয়নি।

এরপর কলকাতা হাইকোর্ট থেকে অন্তর্বর্তী আইনি সুরক্ষা পান অরূপ বিশ্বাস। আদালত স্পষ্ট জানিয়ে দেয়, আগামী ১৭ অগস্ট পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না। তবে তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে বলেও নির্দেশ দেয় আদালত।

গত ১৮ জুন প্রথমবার বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেন অরূপ বিশ্বাস। প্রায় সাড়ে তিন ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ২২ জুন ফের থানায় ডেকে দীর্ঘক্ষণ জেরা করেন তদন্তকারীরা। পুলিশ সূত্রের দাবি, ওই দুই দফার জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য ও ব্যাখ্যায় একাধিক অসঙ্গতি থাকায় আরও কিছু বিষয়ে স্পষ্টতা আনতেই তাঁকে ফের ৭ জুলাই হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মেসি সফরের টিকিট বণ্টন, আর্থিক লেনদেন এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে পুলিশ। সেই কারণেই তদন্তের পরবর্তী ধাপে অরূপ বিশ্বাসকে ফের জিজ্ঞাসাবাদ করা হবে বলে তদন্তকারী সূত্রে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment