29.3 C
Kolkata
July 5, 2026
রাজ্য

‘কাজে ফিরুন, না হলে পদত্যাগ করুন’, ২ হাজার ‘নিষ্ক্রিয়’ পঞ্চায়েত প্রধানকে কড়া হুঁশিয়ারি দিলীপ ঘোষের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই প্রায় দু’হাজার পঞ্চায়েত প্রধান কার্যত নিষ্ক্রিয় বা গা ঢাকা দিয়ে রয়েছেন বলে দাবি করলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। এর ফলে গ্রামীণ স্তরের সরকারি পরিষেবা ব্যাহত হচ্ছে উল্লেখ করে তিনি স্পষ্ট জানিয়ে দেন, জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে না পারলে অবিলম্বে পদত্যাগ করতে হবে।

দিলীপ ঘোষের অভিযোগ, বহু পঞ্চায়েত প্রধান দীর্ঘদিন অফিসে না আসায় সাধারণ মানুষ জন্ম-মৃত্যু শংসাপত্র, কাস্ট সার্টিফিকেট-সহ একাধিক জরুরি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি নতুন প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া থমকে রয়েছে এবং পুরনো প্রকল্পের বিল পরিশোধেও সমস্যা তৈরি হচ্ছে। তাঁর দাবি, এই পরিস্থিতি চলতে থাকলে গ্রামীণ সড়ক যোজনা, আবাস যোজনা-সহ একাধিক উন্নয়নমূলক প্রকল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

মন্ত্রী জানান, জনপ্রতিনিধিরা সরকারি বেতন ও ভাতা নিচ্ছেন, তাই দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। তিনি বলেন, যারা মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন, তাঁদের অফিসে ফিরে এসে কাজ করতে হবে। কেউ টিটকিরি দিলে তা উপেক্ষা করেই দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।

তবে সতর্কবার্তার সুর আরও কড়া করে দিলীপ ঘোষ বলেন, অনুরোধে কাজ না হলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে পুলিশ পাঠিয়ে সংশ্লিষ্ট প্রধানদের অফিসে আনা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। একই সঙ্গে তাঁর মন্তব্য, বর্তমানে শুধু “ডিম ফাটানো” হচ্ছে, কিন্তু পরিস্থিতির পরিবর্তন না হলে মানুষের ক্ষোভ আরও বাড়তে পারে।

রাজ্যের নতুন সরকারের দাবি, গ্রামীণ প্রশাসনকে স্বাভাবিক ছন্দে ফেরানোই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। সেই লক্ষ্যেই নিষ্ক্রিয় জনপ্রতিনিধিদের দ্রুত কাজে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পঞ্চায়েত দফতর।

Related posts

Leave a Comment