কলকাতা — রাজ্য রাজনীতির ব্যস্ত সূচির মধ্যেই আজ একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই দিনে কলকাতা হাই কোর্টে উঠছে তৃণমূলের ২১ জুলাইয়ের সভা সংক্রান্ত আদালত অবমাননার মামলা। পাশাপাশি ফুটবল বিশ্বকাপে আজ মাঠে নামছেন লিয়োনেল মেসি। অন্যদিকে, নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
সকালে নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে পশ্চিমবঙ্গ বিধানসভার উদ্যোগে আয়োজিত বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু। নবনির্বাচিত বিধায়কদের সংসদীয় কার্যপ্রণালি সম্পর্কে ধারণা দিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠান শেষ করেই দমদম বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তিনি শিলিগুড়ি পৌঁছে উত্তরবঙ্গের প্রশাসনিক পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন। প্রশাসনিক বিভিন্ন প্রকল্পের অগ্রগতি এবং উন্নয়নমূলক কাজের পর্যালোচনা হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। বৈঠক শেষে বিকেলের বিমানে কলকাতায় ফেরার কথা রয়েছে তাঁর।
এদিকে আজ কলকাতা হাই কোর্টে শুনানি রয়েছে ২০২৫ সালের ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের সভা সংক্রান্ত মামলার। অভিযোগ, আদালতের পূর্ববর্তী নির্দেশ অমান্য করে শহরের প্রধান রাস্তা সম্পূর্ণ বন্ধ করে সভা আয়োজন করা হয়েছিল। ২০১৮ সালে হাই কোর্ট নির্দেশ দিয়েছিল, কলকাতার কোনও প্রধান সড়ক সভা বা সমাবেশের জন্য সম্পূর্ণ বন্ধ করা যাবে না। সেই নির্দেশ লঙ্ঘনের অভিযোগে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠানো হয়েছিল। আজ আদালতে তাঁদের বক্তব্য পেশ করা হতে পারে।
খেলার জগতেও আজ নজর থাকবে ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে। আজ রাত ৩টা ৩০ মিনিটে লিয়োনেল মেসির আর্জেন্টিনা মুখোমুখি হবে কাবো ভার্দের। তার আগে সকাল ৮টা ৩০ মিনিটে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে আলজিরিয়া। রাত ১১টা ৩০ মিনিটে অস্ট্রেলিয়া খেলবে মিশরের বিরুদ্ধে। আগামীকাল সকাল ৭টায় কলম্বিয়ার প্রতিপক্ষ ঘানা। চারটি ম্যাচই সম্প্রচার হবে ইউনাইট৮ স্পোর্টস চ্যানেল এবং জি৫ অ্যাপে।
অন্যদিকে আবহাওয়ার দিক থেকেও সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এবং তার সঙ্গে যুক্ত অক্ষরেখার প্রভাবে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
