37.7 C
Kolkata
June 29, 2026
কলকাতা

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রা মামলায় দ্রুত শুনানির আর্জি খারিজ

সংবাদ কলকাতা: কলকাতা হাই কোর্টে বিদেশযাত্রার অনুমতি সংক্রান্ত মামলায় দ্রুত শুনানির আবেদন খারিজ হল ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মামলার শুনানি নির্ধারিত তালিকা মেনেই হবে। এই মুহূর্তে দ্রুত শুনানির প্রয়োজন নেই বলেই আদালতের মত।

চোখের চিকিৎসার জন্য এক সপ্তাহ বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হন অভিষেক। তাঁর আইনজীবী আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানান, চিকিৎসার স্বার্থে দ্রুত শুনানি প্রয়োজন। পাশাপাশি তদন্ত চলাকালীন বিদেশযাত্রার উপর জারি থাকা নিষেধাজ্ঞা শিথিল করার আবেদনও জানানো হয়। তবে আদালত সেই আবেদন গ্রহণ করেনি।

উল্লেখ্য, বিধায়ক সই জালিয়াতি মামলায় সিআইডির তদন্তের প্রেক্ষিতে কলকাতা হাই কোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দিলেও কয়েকটি শর্ত আরোপ করেছিল। সেই নির্দেশ অনুযায়ী তদন্ত চলাকালীন দেশের বাইরে যেতে পারবেন না তিনি। একই সঙ্গে নির্দিষ্ট সময়ে ভবানী ভবনে সিআইডির কাছে হাজিরা দেওয়ার নির্দেশও ছিল।

এর আগে আদালতের অনুমতি নিয়েই চোখের চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারও একই কারণে বিদেশযাত্রার অনুমতি চেয়ে আবেদন করা হলেও দ্রুত শুনানির আর্জি খারিজ হওয়ায় আপাতত নির্ধারিত দিনেই মামলার শুনানি হবে। ফলে বিদেশে চিকিৎসার পরিকল্পনা নিয়ে নতুন করে আইনি অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Related posts

Leave a Comment