সংবাদ কলকাতা: আচমকাই দেশ জুড়ে প্রায় চার ঘণ্টার জন্য বিমান চলাচল বন্ধ করে দিল আমেরিকা। শুক্রবার স্থানীয় সময় বিকেলে ব্যস্ত সময়ে মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) আচমকা নির্দেশ জারি করে জানায়, কোনও বিমান বিমানবন্দর থেকে নতুন করে উড়তে পারবে না। তবে ইতিমধ্যে আকাশে উড়ে যাওয়া বিমানগুলিকে অবতরণে বাধা দেওয়া হয়নি। এই সিদ্ধান্তের জেরে দেশ জুড়ে ১১ হাজারেরও বেশি বিমানের সময়সূচি বিঘ্নিত হয়েছে। বাতিল করতে হয়েছে প্রায় ৫ হাজার উড়ান। প্রাথমিকভাবে এই বিপর্যয়ের জন্য এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) যোগাযোগ ব্যবস্থার প্রযুক্তিগত ত্রুটিকেই দায়ী করেছে মার্কিন প্রশাসন।
মার্কিন পরিবহণ সচিব সিন ডাফি হোয়াইট হাউস থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই পরিস্থিতির ব্যাখ্যা দেন। তাঁর দাবি, অতিরিক্ত তথ্যের চাপ সামলাতে না পেরে এটিসি-র যোগাযোগ ব্যবস্থার একাধিক সুইচ ও রাউটার ঠিকমতো কাজ করছিল না। ফলে বিমান চলাচল নিয়ন্ত্রণের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই দেশ জুড়ে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এফএএ এই ঘটনাকে ‘অস্বাভাবিক পরিস্থিতি’ বলে উল্লেখ করেছে।
এই ঘটনার পর আমেরিকার বিমান চলাচল ব্যবস্থার নিরাপত্তা ও আধুনিকীকরণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসবাদী হামলার পর এই প্রথম এত বড় পরিসরে দীর্ঘ সময়ের জন্য মার্কিন আকাশপথে বিমান চলাচল বন্ধ রাখার ঘটনা ঘটল। স্বাভাবিকভাবেই আচমকা এই নির্দেশে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। তবে প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এর পিছনে কোনও জঙ্গি হামলার ঘটনা নেই। সাইবার হানার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়েছে।
ডাফির বক্তব্য, আমেরিকার বিমান নিয়ন্ত্রণ ব্যবস্থা দীর্ঘদিন ধরেই আধুনিকীকরণের অপেক্ষায় রয়েছে। পুরনো প্রযুক্তির উপর নির্ভরশীল এই ব্যবস্থায় অতিরিক্ত তথ্যের চাপ পড়লে সমস্যা তৈরি হচ্ছে। তাঁর কথায়, সুইচ ও রাউটারগুলি বিপুল পরিমাণ তথ্যের চাপ সামলাতে না পেরে অসামঞ্জস্যপূর্ণ তথ্য পাঠাচ্ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কাতেই সাময়িকভাবে পুরো ব্যবস্থাটি বন্ধ রাখতে হয়েছিল। বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থাকে ঢেলে সাজাতে অন্তত ৫ হাজার কোটি ডলার বিনিয়োগের প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি।
এর আগে ২০২৩ সালের জানুয়ারিতেও আমেরিকার বিমান পরিষেবায় বড়সড় প্রযুক্তিগত বিপর্যয় ঘটেছিল। সে বার এফএএ-র কম্পিউটার ব্যবস্থায় ত্রুটির কারণে দেশ জুড়ে বিমান চলাচল ব্যাহত হয়। তবে সেই ঘটনার প্রভাব শুক্রবারের মতো এত দীর্ঘস্থায়ী হয়নি।
শুক্রবার প্রায় চার ঘণ্টা পর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়নি। একের পর এক উড়ানের সময় পরিবর্তন করতে হয়েছে। বহু বিমান বাতিল হওয়ায় হাজার হাজার যাত্রী বিমানবন্দরে আটকে পড়েন। যাত্রীদের গন্তব্যে পৌঁছনোর ক্ষেত্রে তৈরি হয় অনিশ্চয়তা। পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, এটিসি ব্যবস্থার পরিকাঠামো উন্নয়নের জন্য ২০২৫ সালের জুলাই মাসে মার্কিন কংগ্রেস ১২০০ কোটি ডলার বরাদ্দ করেছিল। টেলিযোগাযোগ এবং রাডার ব্যবস্থার আধুনিকীকরণও সেই পরিকল্পনার অন্তর্ভুক্ত ছিল। এফএএ জানিয়েছে, তাদের পুরনো তামার টেলিকম নেটওয়ার্কের প্রায় ৬৮ শতাংশ ইতিমধ্যেই উন্নত ফাইবার নেটওয়ার্ক দিয়ে বদলে ফেলা হয়েছে। কিন্তু এত বিপুল অর্থ বরাদ্দ এবং আধুনিকীকরণের কাজ চলার পরেও শুক্রবারের এই বিপর্যয় ঠেকানো সম্ভব হয়নি।
previous post
