বাজেট অধিবেশনের শেষ দিনে সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি) সংক্রান্ত বিল পেশ হবে কি না, তা নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর জল্পনা তৈরি হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এ দিন অনগ্রসর শ্রেণি কমিশন সংশোধনী বিল, ওবিসি সংরক্ষণ সংশোধনী বিল এবং তোলাবাজি ও গুন্ডা দমন সংক্রান্ত দু’টি বিল পেশ হওয়ার কথা থাকলেও অভিন্ন দেওয়ানি বিধি বিলের কোনও উল্লেখ সরকারি কার্যসূচিতে নেই।
গত বৃহস্পতিবার বিধানসভায় বক্তৃতার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে জোরালো সওয়াল করেন। পরে একটি দলীয় কর্মসূচিতেও একই অবস্থান স্পষ্ট করেন তিনি। এরপরই বিজেপি পরিষদীয় দল বিলটি পেশের সম্ভাবনা ধরে নিয়ে আলোচনার জন্য এক ঘণ্টার সময় নির্ধারণ করে এবং বিলের পক্ষে মুখ্যমন্ত্রীকে প্রধান বক্তা হিসেবে ঠিক করে।
তবে বিধানসভা সচিবালয়ের একাংশের দাবি, বৃহস্পতিবার সন্ধ্যায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সোমবারের যে কর্মসূচি চূড়ান্ত হয়েছে, সেখানে অভিন্ন দেওয়ানি বিধি বিলের কোনও উল্লেখ নেই। ফলে সরকার শেষ মুহূর্তে বিলটি আনবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
বিলটি পেশ হলে বিরোধী দলগুলির তীব্র বিরোধিতার মুখে পড়তে হতে পারে সরকারকে। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী তৃণমূল শিবির, কালীঘাট তৃণমূল, আমজনতা উন্নয়ন পার্টি, সিপিএম, আইএসএফ এবং কংগ্রেস—সব পক্ষই বিলটির বিরোধিতা করার কথা জানিয়েছে। বিরোধীদের বক্তব্য, বিধানসভার নিয়ম অনুযায়ী কোনও বিল পেশের আগে বিজ্ঞপ্তি জারি করে সমস্ত বিধায়কের কাছে বিলের কপি পৌঁছে দিতে হয়, যা এখনও হয়নি।
তবে বিজেপি পরিষদীয় দলের একাংশের মতে, সোমবার সকালে বিজ্ঞপ্তি জারি করে মধ্যাহ্নভোজের বিরতিতে কার্যবিবরণী কমিটির বৈঠক ডেকে দিনের দ্বিতীয়ার্ধে বিলটি পেশ করা সম্ভব। সেই ক্ষেত্রে একই দিন বিধায়কদের হাতে বিলের কপি তুলে দেওয়া হতে পারে। যদিও বিধানসভা সচিবালয়ের এক আধিকারিক জানিয়েছেন, আইন দফতরের তরফে আনুষ্ঠানিক নথি না আসা পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
রাজনৈতিক মহলের একাংশের ধারণা, যদি সোমবার বিলটি পেশ না-ও করা হয়, তা হলে ৭ জুলাই থেকে শুরু হওয়া অধিবেশনের দ্বিতীয় পর্বে সরকার এই গুরুত্বপূর্ণ বিল আনতে পারে। তবে মুখ্যমন্ত্রী যেভাবে প্রকাশ্যে অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল করেছেন, তাতে শেষ মুহূর্তে সোমবারই বিলটি বিধানসভায় পেশ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
